২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপে ‘অংশ নিতে পারে সৌদি আরব’

দৌমায় কথিত রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় সিরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তাতে সৌদি আরব যোগ দিতে পারে বলে জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।  

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 01:03 PM

Updated : 08 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তিন দিনের এক সফরে তখন প্যারিসে ছিলেন মোহাম্মদ। 

সিরিয়ার রাজধানী দামেস্ক সংলগ্ন পূর্ব গৌতা অঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দৌমা শহরে শনিবার রাসায়নিক হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করে বিদ্রোহীগোষ্ঠী জইশ আল ইসলাম। হামলায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করে ওই এলাকায় চিকিৎসা ত্রাণের সঙ্গে জড়িত গোষ্ঠীগুলো।

আদৌ এ ধরনের কোনো হামলা হয়েছে কি-না, হয়ে থাকলে কারা চালিয়েছে, এসব বিষয় নিশ্চিত না হলেও এ হামলার প্রতিক্রিয়ায় জোরালো পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সিরিয়ায় ‘সামরিকভাবে বেছে নেবার মতো অনেক বিকল্প’ যুক্তরাষ্ট্রের আছে, তার এমন মন্তব্যের পর সিরিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নেতৃত্বে পশ্চিমা শক্তিগুলো শিগগিরই সামরিক পদক্ষেপ নিতে যাচ্ছে এমন ধারণা তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে যুবরাজ মোহাম্মদ বলেছেন, “আমাদের জোটের অংশীদাররা যদি প্রয়োজনীয় মনে করে, আমরা উপস্থিত থাকবো।”  

সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের হামলার জন্য দায়ীদের জবাবদিহিতার মুখোমুখি করার জন্য কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে তা নিয়ে অনেকগুলো দেশই পরামর্শ করছে বলে এর আগে জানিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।

তিনি বলেছেন, “আমাদের অবস্থান হচ্ছে, যারা এর জন্য দায়ী তাদের জবাবদিহিতার মুখোমুখি করে ন্যায় বিচার নিশ্চিত করা।”

সৌদি আরব এ ধরনের পদক্ষেপের অংশ হবে কি না, এমন প্রশ্নের জবাব তখন এড়িয়ে গিয়েছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।