২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপ’: যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

সিরিয়ার দৌমায় কথিত রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2018, 10:59 AM

Updated : 08 Apr 2022, 06:12 PM

মঙ্গলবার জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নিবয়েনজিয়া বলেছেন, “আমি আবারও সনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা যে পরিকল্পনা আটছেন তা থেকে বিরত থাকুন।”

যুক্তরাষ্ট্র কোনো ‘অবৈধ সামরিক অভিযান’ চালালে ওয়াশিংটনকে তার ‘দায়িত্ব বহন’ করতে হবে বলে সতর্ক করেন তিনি।

অপরদিকে পশ্চিমা নেতারা বলেছেন, সিরিয়ায় দৌমায় হামলার জন্য দায়ীদের লক্ষ্যস্থল করতে তারা একযোগে কাজ করার বিষয়ে সহমত হয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, কোনো হামলা চালানো হলে তা সিরীয় সরকারের রাসায়নিক স্থাপনাগুলোর ওপর চালানো হবে।

মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কথিত রাসায়নিক হামলা নিয়ে এক বৈঠকে রাশিয়ার পক্ষ থেকে ওই সতর্ক বার্তাটি আসে বলে জানিয়েছে বিবিসি। বৈঠকে কথিত হামলা নিয়ে নতুন তদন্ত শুরু করার একটি প্রস্তাব রাশিয়ার ভিটোর মুখে বাতিল হয়ে যায়।

যুক্তরাষ্ট্রের তৈরি করা প্রস্তাবটিতে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভিটো দেয় ও অপর স্থায়ী সদস্য চীন ভোটদানে বিরত থাকে।

যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিপরীতে বৈঠকে রাশিয়ার তোলা একটি প্রস্তাবও প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় বাতিল হয়।

পূর্ব গৌতার বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর দৌমায় সন্দেহভাজন রাসায়নিক হামলাটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকার চালিয়েছে বলে যে অভিযোগ উঠেছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে তার স্বাধীন তদন্তের আহ্বান জানানো হয়েছিল।

যার দিকে অভিযোগের তীর সেই সিরিয়া সরকার কোনো রাসায়নিক হামলা চালানোর কথা অস্বীকার করেছে। 

নিষিদ্ধ ঘোষিত অস্ত্র দৌমায় ব্যবহৃত হয়েছে কি-না তা নিশ্চিত করতে ‘খুব অল্প সময়ের মধ্যেই’ অর্গানাইজেশন ফর দ্য প্রহিবিশন অব কেমিক্যাল উইপন (ওপিসিডব্লিউ) এর একটি টিম দৌমায় মোতায়েন করা হচ্ছে; কিন্তু কারা এর জন্য দায়ী তা নির্ধারণ করবে না তারা। 

নিরাপত্তা পরিষদের বৈঠকে সিরিয়ায় পশ্চিমা শক্তিগুলোর সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে কঠোর কথা চালাচালি হয়েছে।

‘প্রস্তাবকে ভিত্তি করে’ যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপকে বৈধতা দেওয়ার ‘অজুহাত’ খুঁজছে বলে অভিযোগ করেছেন নিবয়েনজিয়া।

সিরিয়ায় সামরিক হামলা হলে সবাই ‘খুব দুঃখজনক ও গুরুতর ঘটনার’ মুখোমুখি হবে বলেও সতর্ক করেন তিনি।

অপরদিকে নিরাপত্তা পরিষদের ভোটকে ‘হাস্যকর’ উল্লেখ করে রাশিয়া পরিষদের ‘বিশ্বাসযোগ্যতাকে ছাইভস্মে পরিণত’ করছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি।