২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবের কাতিফে ‘জঙ্গি’ হামলায় সৈন্য নিহত

সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় সৌদি আরবের কাতিফ প্রদেশে এক সৈন্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 03:18 PM

Updated : 08 Apr 2022, 06:11 PM

কাতিফের আল আওয়ামিয়া শহরে এ ঘটনা ঘটেছে বলে শনিবার আল আরাবিয়া টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে নিহত সেনা কর্মকর্তার নাম আহমেদ হাসান আল জাহরানি এবং তিনি ‘চরমপন্থিদের দ্বারা’ নিহত হয়েছেন বলে বলা হলেও বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এতে আরো বলা হয়েছে, “বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চলাকালে বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। অভিযানে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের চক্রান্ত বানচাল করে দিয়েছে।”

সৌদি আরবের তেল সমৃদ্ধ প্রদেশ কাতিফে শিয়ারা সংখ্যাগরিষ্ঠ। বাদশা শাসিত সৌদি সুন্নি সরকার তাদের বঞ্চিত করছে বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে শিয়ারা।

২০১১ সাল থেকে প্রদেশটির শিয়ারা প্রায়ই সরকার বিরোধী বিক্ষোভ করে আসছিল। এসব বিক্ষোভের অধিকাংশই ছিল শান্তিপূর্ণ।

অপরদিকে তাদের সম্প্রদায়ের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে অভিযোগ করে আসা ক্ষুব্ধ শিয়া চরমপন্থিরা সৌদি নিরাপত্তা বাহিনীর ওপর প্রায়ই প্রাণঘাতী হামলা চালাচ্ছিলো।

কিন্তু গত গ্রীষ্মে সৌদি নিরাপত্তা বাহিনী আল আওয়ামিয়া শহরের পুরনো অংশগুলো ভেঙে গুড়িয়ে দেওয়ার পর শহরটিতে আত্মগোপন করে থাকা শিয়া বন্দুকধারীরা সেখান থেকে সরে পরে। তারপর থেকে এই এলাকায় সহিংসতা বিরল ঘটনায় পরিণত হয়েছে বলে ভাষ্য রয়টার্সের।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ডিসেম্বরে ফেরারি ‘জঙ্গিরা’ এক শিয়া বিচারককে অপহরণের পর হত্যা করেছে, এরপর জানুয়ারিতে এক গোলাগুলির ঘটনার সন্দেহভাজন এক ‘জঙ্গি’ নিহত হয়েছেন।

অপর সন্দেহভাজন ‘জঙ্গিদের’ খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে তারা।