ছেলেকে ২০ বছরেরও বেশি সময় খাঁচায় আটকে রাখায় বাবা গ্রেপ্তার
নিজ ছেলেকে ২০ বছরেরও বেশি সময় ধরে কাঠের খাঁচায় বন্দি করে রেখেছেন সন্দেহে জাপানের পুলিশ ৭৩ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জাপানি গণমাধ্যম এনএইচকে জানিয়েছে, ছেলের মানসিক সমস্যা থাকায় ও কখনো কখোনো সহিংস আচরণ করায় তাকে বন্দি করে রেখেছিলেন বাবা ইয়োশতানে ইয়ামাসাকি।
এক মিটার উচ্চতা ও দুই মিটারের চেয়েও কম প্রশস্ত একটি খাঁচায় বন্দি করে রাখা ওই ছেলের বয়স এখন ৪২ বছর বলে জানিয়েছে বিবিসি। জাপানের সানদা শহরে ইয়ামাসাকির বাড়ির পাশের একটি কুটিরে খাঁচাটি রাখা ছিল।
খাঁচায় থাকতে থাকতে ছেলেটির পিঠ বেঁকে গেছে। এখন কর্তৃপক্ষ তার দেখাশোনার ভার নিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে পশ্চিম জাপানের এক কল্যাণ সংস্থা ছেলেটির দেখভাল করছিল। ওই সময় এক নগর কর্মকর্তা ইয়ামাসাকির বাড়ি পরিদর্শনে যাওয়ার পর ৪২ বছর বয়সী ছেলেটি বন্দিদশা থেকে মুক্তি পায়।
তদন্তকারীদের ধারণা, ১৬ বছর বয়সে ‘সহিংস আচরণ শুরু করার পর থেকে’ ইয়ামাসাকি তার মানসিক রোগী ছেলেকে বন্দি করে রাখতে শুরু করেন।
আপাতত শুধুমাত্র ১৮ জানুয়ারি থেকে ৩৬ ঘন্টা ছেলেকে খাঁচায় বন্দি করে রাখার অভিযোগে পেনশনভোগী ইয়ামাসাকিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইয়ামাসাকি তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো স্বীকার করেছেন বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। ছেলেকে প্রতিদিন খাবার খাওয়াতেন ও একদিন পর পর তাকে গোসলের সুযোগ দিতেন বলে কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি।
