গত সপ্তাহে ১০৮ কুর্দি বিদ্রোহীকে ‘নিষ্ক্রিয়ের’ দাবি তুরস্কের
গত এক সপ্তাহে দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর ইরাকে চালানো বেশ কয়েকটি অভিযানে প্রায় ১০৮ জন কুর্দি বিদ্রোহীকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে দাবি তুরস্কের।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
অভিযানে বিরোধী বাহিনীর সদস্যদের নিহত, আহত ও আটক বোঝাতে ‘নিষ্ক্রিয়’ পদটি ব্যবহার করেছে তুরস্কের সামরিক বাহিনী।
বাহিনীটি জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ টুনসেলি, মার্দিন, দিয়ারবাকির ও সিরনাকে নিষিদ্ধঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ৩১ বিদ্রোহীকে নিষ্ক্রিয় করেছে তারা।
পাশাপাশি সীমান্তের উভয়পাশে চালানো অভিযানে আরো ৭৭ বিদ্রোহীকে নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছে।
শনিবার সকালে সামরিক বাহিনীটি জানিয়েছিল, তারা উত্তর ইরাকের হাকুর্ক অঞ্চলে বিমান হামলা চালিয়ে ছয় বিদ্রোহীকে নিষ্ক্রিয় করেছে।
উত্তর ইরাকে পিকেকের অবস্থানগুলো লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালিয়ে আসছে তুরস্ক। উত্তর ইরাকের কান্দিল পর্বতমালাতেই প্রধানত পিকেকের ঘাঁটিগুলোর অবস্থান। কিন্তু সম্প্রতি উত্তর ইরাকের আরো ভিতরে সিনজার পর্যন্ত বিমান হামলা বিস্তৃত করার হুমকি দিয়েছে দেশটি।
কুর্দি ‘জঙ্গিদের’ বিরুদ্ধে ইরাকের অভিযান ব্যর্থ হলে ‘যা করা প্রয়োজন’ তুরস্ক তা করবে বলে হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান। এতে উত্তরে ইরাকে তুরস্কের সরাসরি সামরিক অভিযান চালানোর একটি সম্ভাবনা দেখা দিচ্ছে।
উত্তর সিরিয়ার আফরিনে কুর্দিদের ওয়াইপিজি বেসামরিক বাহিনীর বিরুদ্ধে পূর্ণ মাত্রার সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। কুর্দিদের এই বেসামরিক বাহিনীটিকে পিকেকের বর্ধিতাংশ মনে করে আঙ্কারা।
পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এই গোষ্ঠী তিনদশক ধরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দি অঞ্চলগুলোর স্বায়ত্তশাসনের দাবিতে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে। এ লড়াইয়ে প্রায় ৪০ হাজার লোক নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
