‘ভুল শুক্রাণু ব্যবহার’: কানাডীয় চিকিৎসকের বিরুদ্ধে মামলা
নিজের বা অজ্ঞাত লোকজনের শুক্রাণু ব্যবহার করে তাদের মায়েদের গর্ভসঞ্চার করার অভিযোগে কানাডীয় এক ফার্টিলিটি চিকিৎসকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বহু ভুক্তভোগী সন্তান।
চিকিৎসক নরম্যান বারউইন নিজেই সাবেক এক রোগীর কন্যার বাবা, ডিএনএ পরীক্ষায় এটি প্রকাশ পাওয়ার পর গত নভেম্বরে তার বিরুদ্ধে প্রথম মামলা দায়ের করা হয়েছিল।
এখন আরো ১১ জন দাবি করছেন তিনি তাদেরও জন্মদাতা পিতা, জানিয়েছেন আইনজীবীরা।
বারউইনের সাবেক রোগীদের প্রায় ৫০ জনের সন্তানদের সঙ্গে তাদের কাঙ্ক্ষিত জন্মদাতা পিতার ডিএনএ মিলেনি। এই দলটি একজোট হয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে একটি ‘ক্লাস অ্যাকশন’ মামলা দায়ের করেছেন বলে খবর বিবিসির।
আইনজীবী পিটার ক্রোনন ও ফ্রান্সিস শাপিরো মান জানিয়েছেন, তারা ১১ জনকে পেয়েছেন যাদের পিতামাতা চিকিৎসক বারউইনের কাছে ফার্টিলিটি চিকিৎসার জন্য গিয়েছিলেন; অভিযোগ এসেছে ডিএনএ পরীক্ষানুযায়ী এই ১১ জনের জন্মদাতা পিতা চিকিৎসক বারউইন নিজেই।
কয়েকটি ঘটনায়, তাদের মায়েদের স্বামীর পরিবর্তে অজ্ঞাত দাতাদের শুক্রাণুর মাধ্যমে গর্ভধারণ করানো হয়।
এমন আরো ১৬ জনকে পাওয়া গেছে যারা মনে করতো তাদের পিতাদের শুক্রাণুতেই তারা গর্ভে এসেছিলেন, কিন্তু ডিএনএ পরীক্ষায় তাদের পিতার সঙ্গে তাদের জিনগত মিল পাওয়া যায়নি।
এসব ক্ষেত্রে তাদের জন্মদাতা পিতা অজ্ঞাতই রয়ে গেছেন বলে জানিয়েছেন ক্রোনন ও শাপিরো মান।
পাশাপাশি আরো ৩৫ জন রয়েছেন যাদের গর্ভধারণও অজ্ঞাত দাতাদের শুক্রাণুর মাধ্যমে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আইনজীবীরা জানিয়েছেন, নতুন অভিযোগগুলো নিয়ে তারা মামলার বিবৃতি নতুন করে সাজাবেন।
এসব অভিযোগের কোনো কোনটির ঘটনাকাল ১৯৭০-র দশক। এরমধ্যে কানাডার রাজধানী অটোয়ার অন্তত দুটি ফার্টিলিটি ক্লিনিকের রোগীও আছেন। ওই ক্লিনিক দুটি হল বোর্ডভিউ ফার্টিলিটি ক্লিনিক ও অটোয়া জেনারেল হাসপাতাল।
চিকিৎসক বারউইনের আইনজীবী এসব অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
গত নভেম্বরে এই বিষয়ে প্রথম অভিযোগ ওঠে। ওই সময় ড্যানিয়েল ও ডাভিনা ডিক্সন এবং তাদের কন্যা রেবেকা চিকিৎসক বারউইনের সঙ্গে নেলিগেন, ওব্রায়েনও ও পেইনের বিরুদ্ধে অন্টারিওর আদালতে মামলা করেন।
রেবেকা যাকে বাবা বলে জানে সেই ড্যানিয়েল ডিক্সনের জন্মদাতা কন্যা তিনি নন, এটি জানার পর ডিক্সন পরিবার চিকিৎসক বারউইনের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের সন্তান ধারণের জন্য ১৯৮৯ সালে চিকিৎসক বারউইনের কাছে গিয়েছিলেন ডিক্সন পরিবার, তার এক বছর পর কন্যা রেবেকার জন্ম হয়।
