সীমান্তে বিক্ষোভ: ফিলিস্তিনি ফটোসাংবাদিক নিহত
গাজা-ইসরায়েল সীমান্তে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনের এক ফটোসাংবাদিক নিহত হয়েছেন।
গাজার এক স্বাস্থ্য কর্মকর্তা জানান, ফিলিস্তিনের টেলিভিশন এইন মিডিয়ার ফটোসাংবাদিক ইয়াসির মুর্তাজা (৩০) শুক্রবার ইসরায়েলি সেনাদের ছোড়া গুলিতে মারাত্মক আহত হয়েছিলেন।
অনলাইনে প্রকাশ পাওয়া ছবিতে আহত ইয়াসিরকে স্ট্রেচারে করে নিয়ে যেতে দেখা যায়। তার পরনে ইংরেজিতে বড় করে ‘প্রেস’ লেখা নেভিব্লু রংয়ের সুরক্ষা জ্যাকেট ছিল।
তার পেটে গুলি লেগেছিল বলে জানান ওই স্বাস্থ্য কর্মকর্তা।
তৎক্ষণিকভাবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ফ্রিল্যান্স সাংবাদিক আশরাফ আবু ওমর রয়টার্সকে বলেন, তিনি ইয়াসিরের পাশেই ছিলেন। তারা দুজনই হেলমেট এবং সুরক্ষা জ্যাকেট পরে ছিলেন বলেও জানান তিনি।
বলেন, “আমাদের জ্যাকেটে বড় বড় করে প্রেস লেখাছিল। আমরা সীমান্ত বেড়া থেকে প্রায় আড়াইশ মিটার দূরে বিক্ষোভকারীদের টায়ার পোড়ানোর ছবি তুলছিলাম।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে ইসরায়েল রেডিও জানায়, শুক্রবার ইয়াসির একটি ক্যামেরা ড্রোন চালাচ্ছিলেন।
যদিও ওমর এবং আরও দুই ইসরায়েলি সাংবাদিক বলেছেন, গুলি খাওয়ার সময় ইয়াসির ক্যামেরা ড্রোন চালাচ্ছিল না।
তবে গত সপ্তাহে ইয়াসির তার ফেইসবুক পাতায় গাজা-ইসরায়েল সীমান্তের আকাশ থেকে তোলা দুইটি ছবি পোস্ট করেছিলেন।
সীমান্তে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে শুক্রবার অন্তত তিনজন সাংবাদিক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
নিজেদের ভূমিতে ফিরে যেতে দেওয়ার দাবিতে গত ৩০ মার্চ থেকে গাজা-ইসরায়েল সীমান্তে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করে।
ওই দিন বিক্ষোভ-সংঘর্ষে ১৬ ফিলিস্তিনি নিহত এবং কয়েকশ’ ফিলিস্তিনি আহত হওয়ার পর শুক্রবার আবার পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে।
শুক্রবার বিক্ষোভকারীরা সীমান্ত বেষ্টনী ভাঙার চেষ্টা করলে সেনারা গুলি ছোড়ে বলে দাবি ইসরায়েলের সেনাবাহিনী।
এদিন ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত এবং শতাধিক বিক্ষোভকারী আহত হয়েছেন বলে জানান গাজার চিকিৎসা কর্মকর্তারা।
