২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নীতিবিসর্জনের অভিযোগ, সুইডিশ অ্যাকাডেমির ৩ সদস্যের পদত্যাগ

সুইডিশ অ্যাকাডেমির বিরুদ্ধে নীতিবিসর্জনের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির সদস্যপদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এর তিন সদস্য।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2018, 11:08 AM

Updated : 25 Jul 2022, 08:32 PM

অ্যাকাডেমির অন্য এক সদস্যকে বিয়ে করা এক ব্যক্তির যৌন অসদাচরণ অভিযোগের তদন্ত এবং এ বিষয়ে স্থায়ী সম্পাদকের নেওয়া বিভিন্ন পদক্ষেপে ‘উদ্বেগ দেখা দেওয়ার পর’ লেখক পিটার ইংলান্ড, ক্লাস ওস্টেরগ্রেন ও জেল এস্পমার্ক এ সিদ্ধান্ত নেন।

সুইডিশ অ্যাকাডেমিই প্রতিবছর সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্তের নাম ঘোষণা করে। আজীবনের জন্য মনোনীত হওয়ায় এর সদস্যদের পদত্যাগের সুযোগ ‘কার্যত নেই’ বলে জানিয়েছে বিবিসি।

পদত্যাগের ঘোষণা দেওয়া তিন লেখক বলছেন, তারা এরপর থেকে অ্যাকাডেমির আর কোনো কাজে অংশ নেবেন না।

গত বছরের নভেম্বরে সুইডিশ অ্যাকাডেমি যৌন অসদাচরণের অভিযোগ ওঠা ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছিল, স্টকহোমে যার সাংস্কৃতিক ক্লাবে অর্থ সহায়তা দিত অ্যাকাডেমি। 

সুইডেনের রাষ্ট্রীয় কৌসুলিরা যৌন অসদাচরণের অভিযোগগুলোর প্রাথমিক তদন্ত শুরু করলেও পরে এর কিছু অংশ বাদ দেন; ওই ব্যক্তির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগও আনা হয়নি।

ব্যক্তিটি এ ধরনের সব অভিযোগ অস্বীকার করছেন বলে তার আইনজীবী রয়টার্সকে জানিয়েছেন।  

অভিযোগ বিষয়ে অভ্যন্তরীন তদন্তের ফল প্রকাশ করেনি সুইডিশ অ্যাকাডেমিও; যে কারণে অ্যাকাডেমি ও এর স্থায়ী সম্পাদকের অবস্থান নিয়ে ‘সন্দেহ দানা বাধছে’ বলে শুক্রবার এক ব্লগে অভিযোগ করেন ইংলান্ড।

“যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা আমি না পারছি বিশ্বাস করতে, না পারছি পালন করতে। যে কারণে আমি আর সুইডিশ অ্যাকাডেমির কোনো কাজে অংশ নেব না বলে সিদ্ধান্ত নিয়েছে,” বলেন তিনি।

ইংলান্ডের এ অবস্থানকে সমর্থন করার কথা জানান অ্যাকাডেমির সদস্য এস্পমার্কও।

আর স্থানীয় সংবাদমাধ্যম স্ভেন্সকা দাগব্লাদেতকে ওস্টেরগ্রেন বলেছেন, সুইডিশ অ্যাকাডেমি নিজেদের নীতি রক্ষা করতে পারছে না বলেই ধারণা তার।  

এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সুইডিশ অ্যাকাডেমির ব্যবস্থাপক; স্থায়ী সম্পাদক সারা দানিয়ুসই এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার রাখেন বলেও জানিয়েছেন তিনি।

তাৎক্ষণিকভাবে দানিয়ুসের মন্তব্য পাওয়া যায়নি; রয়টার্সের পাঠানো ইমেইলের স্বয়ংক্রিয় উত্তরে তিনি ছুটিতে আছেন বলেও জানানো হয়েছে।

স্ভেন্সকা দাগব্লাদেত পরে তার মন্তব্য ছাপায়, যেখানে সহকর্মীদের পদত্যাগে মনঃক্ষুণ্ন হলেও অ্যাকাডেমি থেকে সদস্যদের পদত্যাগের সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান দানিয়ুস।

“এটা খুবই দুঃখজনক, যদিও আমি তাদের (পদত্যাগের) কারণ বুঝতে পারছি,” বলেন তিনি।