তিন বছর ধরে মায়ের দেহ ফ্রিজে লুকিয়ে রাখল ছেলে!
তিন বছর আগে মারা গেছেন মা। সেই মায়ের দেহ রাসায়নিক দিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন ছেলে।
পুলিশ গত বুধবার রাতে খোঁজ পেয়ে ফ্রিজ থেকে বীণা মজুমদারের দেহ বের করে আনে। সঙ্গে সঙ্গে ছেলে শুভব্রত মজুমদারকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বেহালা থানার কাছে গোপালচন্দ্র মজুমদারের বাড়িতে।
মায়ের পেনশন বহাল রাখার জন্য ছেলে একাজ করেছে কিনা তা তদন্ত করে দেখছে কলকাতা পুলিশ। পাড়া-পড়শীদের কেউ কেউ বলছেন, বীণাদেবী সরকারি চাকরি করতেন। অবসরের পর মোটা পেনশন পেতেন। সেই পেনশন বহাল রাখতেই শুভব্রত বিষয়টি চাপা দিতে চেয়েছিলেন।
আবার মায়ের দেহ সংরক্ষণ করে রাখলে তার পুনর্জন্ম হতে পারে এমন বিশ্বাসও শুভব্রতর ছিল বলে মনে করছে পুলিশ। এলাকারও অনেকে বলেছেন, শুভব্রতর আচরণ বরাবরই একটু অস্বাভাবিক ছিল। তার পক্ষে এমন ঘটনা ঘটানো অপ্রত্যাশিত নয়।
পুলিশ জানিয়েছে, শুভব্রত কাজ করতেন চামড়া প্রযুক্তিবিদ হিসাবে। আর সে কারণেই তিনি রাসায়নিক দিয়ে মায়ের দেহ সংরক্ষণ করতে পেরেছিলেন।
মৃতদেহ চিরে ভেতর থেকে অঙ্গ-প্রত্যঙ্গ বের করে গজ ভরে দেওয়া হয়েছিল। পচন আটকাতে ব্যবহার করা হয়েছিল রাসায়নিক।
২০১৫ সালের এপ্রিলে কলকাতার হাসপাতালে শুভব্রতর মায়ের মৃত্যুর পর প্রতিবেশীদের জানানো হয়েছিল, মৃতদেহ ‘পিস হেভেনে’ রাখা রয়েছে।
কিন্তু মরদেহ যে বাড়িতেই রাখা ছিল তা ঘুণাক্ষরেও টের পায়নি প্রতিবেশীরা। বাড়িতে বিশালাকারের একটি ফ্রিজে দেহটি মমি করে রাখেন শুভব্রত।
বীণা মজুমদারের মৃতদেহ নিয়ে কোনো লুকোচুরি যে চলছে, সেরকম কানাঘুষা পাড়া-পড়শীদের মধ্যে ছিল। পরে মজুমদার বাড়ির পরিচারিকার মাধ্যমেই সে খবর বাইরে আসে।
বেহালা থানার ডিসি নীলাঞ্জন বিশ্বাস বলেছেন, শুভব্রতর মা অবসরপ্রাপ্ত ছিলেন। বাবাও অবসরপ্রাপ্ত। মা মারা যাওয়ার কারণে তার পেনশনের অর্থ আর ওঠানো সম্ভব ছিল না। কিন্তু পেনশনের অর্থ নিয়মিতই তার একাউন্ট থেকে ওঠানো হয়েছে বলে তারা দেখতে পেয়েছেন।
তিনি বলেন, শুভব্রত ডেবিড কার্ড ব্যবহার করে সে অর্থ উঠিয়েছেন।
পুলিশ বীণা মজুমদারের দেহ বাড়িতে সংরক্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শুভব্রতর বাবা চন্দ্রগোপালকেও নিয়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।
