২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২৪ বছর পর নিখোঁজ মেয়ের সন্ধান পেল চীনা পরিবার

সন্তান হারিয়ে ফেলা এক দম্পতির ২৪ বছরের অদম্য চেষ্টা শেষ পর্যন্ত সফল হয়েছে। তারা খুঁজে পেয়েছেন তাদের মেয়েকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 08:28 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

১৯৯৪ সালে মেয়ে হারিয়ে যাওয়ার পর হন্যে হয়ে তাকে খুঁজে বেড়িয়েছেন চীনের ওয়াং মিংকিং ও তার স্ত্রী লিউ ডেঙ্গিয়িং।

মেয়েকে ফিরে পেতে কী না করেছেন বাবা ওয়াং মিংকিং। ফল বিক্রেতা থেকে ট্যাক্সি চালক হয়েছেন এই আশায় যে একদিন তার মেয়ে ট্যাক্সির যাত্রী হবে।

কান্না ভেজা চোখে মঙ্গলবার নিজের মেয়েকে জড়িয়ে ধরে ওয়াং বলেন, “বাবা তোমাকে ভালোবাসে।”

চীনের সংবাদমাধ্যমগুলোতে বাবা-মেয়ের পুনর্মিলনের এই খবর ফলাও করে প্রচার হয়।

সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওয়াং বলেন, মেয়ে কিফেং হারিয়ে যাওয়ার সময় তার বয়স ছিল মাত্র তিন বছর।

“আমি ও আমার স্ত্রী রাস্তার পাশে আমাদের দোকানে ফল বিক্রি করছিলাম। একদিন খরিদ্দারদের ফল দেওয়া শেষে দেখি মেয়ে নেই।”

এরপর বছরের পর বছর ধরে বহু জায়গায় মেয়ের খোঁজ করেন তারা। পত্রিকায় বিজ্ঞাপন দেন। অনলাইনেও মেয়ের খোঁজে নানা আবেদন পোস্ট করেন।

বিবিসি জানায়, এ দম্পতির আরও একটি মেয়ে আছে। তারপরও তারা হারিয়ে যাওয়া মেয়েকে ফিরে পাওয়ার আশা ছাড়েননি।

মেয়েকে খোঁজার পরিধি বাড়াতে ২০১৫ সালে স্থানীয় একটি কোম্পানির ট্যাক্সি চালানো শুরু করেন ওয়াং।

তিনি ট্যাক্সির জানালায় হারিয়ে যাওয়া মেয়ে সম্পর্কে তথ্য দেওয়ার আবেদন জানিয়ে বড় একটি স্টিকার জুড়ে দেন। সেইসঙ্গে তার যাত্রীদের হাতে একটি করে কার্ড ধরিয়ে দিতেন, যেখানে কিফেং সম্পর্কে তথ্য দেওয়া আছে।

যদিও ছোট্ট কিফেং এর কোনো ছবি না থাকায় কার্ডে অন্য মেয়ের ছবি ব্যবহার করেন ওয়াং। দুই মেয়ের চেহারায় মিল আছে বলে এই কাজ করেন তিনি।

মেয়েকে খুঁজে পেতে তার এই অভিনব উদ্যোগ চীনের সংবাদমাধ্যমের নজরে পড়ে।

গত কয়েক বছর ধরে চীনের পুলিশ কয়েকজন নারীকে কিফেং বলে সনাক্ত করলেও ডিএনএ টেস্টে তা ভুল প্রমাণিত হয়।

শেষ পর্যন্ত গত বছর এ চেষ্টায় সফল হওয়ার আশা জাগে। পুলিশের একজন স্কেচ আর্টিস্ট ওয়াংয়ের বিষয়ে জানতে পেরে তার সাহায্যে এগিয়ে আসেন।

ওয়াংয়ের কাছ থেকে তার মেয়ের চেহারার বর্ণনা নিয়ে তার ভিত্তিতে প্রাপ্ত বয়স্ক কিফেংয়ের ছবি আঁকেন তিনি। ওই স্কেচ অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।

কয়েক হাজার কিলোমিটার দূরে চীনের অন্যপ্রান্তে বসবাস করা ক্যাং ইং নামে এক নারী ওই স্কেচের সঙ্গে নিজের চেহারার দারুণ মিল খুঁজে পান।

এ বছরের শুরুর দিকে ওই নারী ওয়াংয়ের সঙ্গে যোগাযোগ করেন। তারপর দ্রুত ডিএনএ টেস্টের ব্যবস্থা করা হয় এবং তা মিলে যায়। দীর্ঘ ২৪ বছর পর  হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পান ওয়াং।

সোমবার প্রথমবারের মত অনলাইনে ওয়াং ও ক্যাং ইংয়ের কথা হয়।

মঙ্গলবার উত্তরের জিলিন প্রদেশ থেকে স্বামী ও পুত্র-কন্যাকে নিয়ে চেংডু উড়ে আসেন ক্যাং ইং।

নিজের মাকে জড়িয়ে ধরে ক্যাং ইং বলেন, “সারা পৃথিবী আমাকে বলেছিল, আমার মা নেই। কিন্তু আমার মা আছে!”

চীনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাবা-মার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর মাত্র ২০ কিলোমিটার দূরের আরেকটি শহরে বেড়ে উঠেছেন ক্যাং ইং।

তবে কিভাবে তিনি সেখানে পৌঁছেছেন সে বিষয়ে কিছু জানাননি।