২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুর্দিদের সমর্থন করলে তুরস্কের ‘টার্গেট’ হবে ফ্রান্স

সিরিয়ার কুর্দিদেরকে সমর্থন করলে ফ্রান্স ‘লক্ষ্যবস্তুতে’ পরিণত হবে বলে হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 10:23 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

গত বৃহস্পতিবার সিরিয়ান ডেমক্র্যাটিক ফোর্স (এসডিএফ) এর একটি প্রতিনিধি দল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দেখা করেন।

ওই বৈঠকে সিরিয়ার উত্তরে যুদ্ধরত তুর্কি বাহিনী ও কুর্দি গেরিলাদের মধ্যে মধ্যস্থতায় সহযোগিতার প্রস্তাব দেন তিনি।

ম্যাক্রোঁ বলেন, তিনি তুরস্কের সঙ্গে কুর্দি গেরিলাদের আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী।

এসডিএফ এর ভেতরেই কাজ করে সিরীয় কুর্দিদের গেরিলা সংগঠন ওয়াইপিজি, যাদেরেকে তুরস্ক তাদের দেশে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) বর্ধিতাংশ বলে মনে করে।

কুর্দি গেরিলাদের ‘নিশ্চিহ্ন করতেই’ জানুয়ারিতে তুর্কি বাহিনী সীমান্ত অতিক্রম করে কুর্দি অধ্যুষিত উত্তর সিরিয়ায় অভিযান শুরু করে। এরই মধ্যে তারা আফ্রিনের বেশিরভাগ অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবিও করেছে।

এসডিএফ-ম্যাক্রোঁ বৈঠকের পর এরদোয়ান বলেন, সিরিয়া নিয়ে ফ্রান্স ‘সম্পূর্ণ ভুল পদক্ষেপ’ গ্রহণ করেছে।

সিরিয়ায় প্রায় সাত বছর ধরে চলা গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী ‘এসডিএফ’কে সমর্থন করছে। যা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে তুরস্ক।

ওদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সেনা আগেভাগেই প্রত্যাহারের কথা ভাবছেন বলে খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

নাম প্রকাশে অনিচ্ছুক হোয়াইট হাউজের দুই কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এদিকে, ফ্রান্স সিরিয়ায় তাদের সেনা বড়ানোর কথা ভাবছে বলে জানিয়েছেন ম্যাক্রোঁ কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

প্যারিসে অবস্থান করা পিকেকে’র এক সদস্য রয়টার্সকে বলেন, এসডিএফ এর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সিরিয়ার উত্তরাঞ্চলে আরও সেনা ও মানবিক ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন।

সেইসঙ্গে তিনি সেখানকার সংকট সমাধানে কূটনৈতিক চাপ দেবেন বলেও জানিয়েছেন।