সিরিয়া থেকে ‘যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনতে চান ট্রাম্প’
যুক্তরাষ্ট্রের সেনাদের সিরিয়া থেকে আগেভাগেই সরিয়ে আনতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার উপদেষ্টাদের এ কথা বলেছেন বলে শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা।
শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার লড়াইয়ে ওয়াশিংটনের ভূমিকা পুনর্মূল্যায়ন করে দেখছে ট্রাম্প প্রশাসন, এ সময় সিরিয়ায় পুনরুদ্ধারের প্রচেষ্টা সংক্রান্ত ২০ কোটি ডলারেরও বেশি অর্থের একটি তহবিল আটকে রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্র প্রশাসনের অপর দুই কর্মকর্তাও ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনের তথ্য সত্য বলে রয়টার্সকে জানিয়েছেন।
ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, আইএসের কাছ থেকে পুনরুদ্ধার করা এলাকাগুলো ধরে রাখতে সম্প্রতি যুক্তরাষ্ট্র অতিরিক্ত ২০ কোটি ডলার দেওয়ার অঙ্গিকার করেছে, সংবাদ প্রতিবেদনে এটি পড়ার পর ট্রাম্প তহবিল আটকে রাখার নির্দেশটি দেন।
ফেব্রুয়ারিতে কুয়েতে আইএস বিরোধী বৈশ্বিক জোটের এক বৈঠকে ওই তহবিলের ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন।
তহবিল আটকে রাখার ওই নির্দেশ ট্রাম্পের এ ঘোষণার সঙ্গে সঙ্গতিপূর্ণ বলে মন্তব্য করেছে রয়টার্স।
বৃহস্পতিবারের ভাষণে ট্রাম্প বলেছেন, “আমরা সিরিয়া থেকে চলে আসবো, খুব শিগগিরই। এখন অন্যদের এটির দেখভাল করতে দেওয়া যাক। খুব শিগগির, খুব শিগগির, আমরা চলে আসছি।
“আমরা আমাদের দেশে ফিরতে যাচ্ছি, যেখানে আমরা থাকি, যেখানে আমরা থাকতে চাই।”
আইএসের জঙ্গিদের বিরুদ্ধে মিত্রদের জয়ের ওপর ভিত্তি করে তিনি এসব কথা বলেছেন বলে জানিয়েছে রয়টার্স।
এতে যেসব মার্কিন সামরিক কর্মকর্তা মনে করছেন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি, তাদের সঙ্গে ট্রাম্পের মতভেদ তৈরি হতে পারে বলে মন্তব্য রয়টার্সের।
সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত অভিযান নিয়ে আলোচনার জন্য এপ্রিলের প্রথমদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) একটি বৈঠক হবে বলে জানিয়েছেন পরিকল্পনাটির বিষয়ে অবগত মার্কিন কর্মকর্তারা।
অপরদিকে ট্রাম্পের মন্তব্যের পরদিনই ফ্রান্স বলেছে, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানকে জারি রাখতে সিরিয়ায় তারা সামরিক উপস্থিতি বৃদ্ধি করতে পারে।
পেন্টাগনের হিসাবে আইএস একসময় ইরাক ও সিরিয়ায় যে পরিমাণ ভূখণ্ড নিয়ন্ত্রণ করতো তার ৯৮ শতাংশই হারিয়েছ। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, মুক্ত এলাকাগুলোতে অবস্থান সংহত করতে না পারলে ওই এলাকাগুলো দ্রুত জঙ্গিগোষ্ঠীটির নিয়ন্ত্রণে চলে যেতে পারে।
তবে এ বিষয়টি ট্রাম্পকে বোঝানো এখনও বাকি বলে জানিয়েছেন এনএসসি-র বৈঠক সম্পর্কে অবগত ওই দুই মার্কিন কর্মকর্তা।
