সিরীয় কুর্দিদের সঙ্গে তুরস্কের মধ্যস্থতায় প্রস্তাব ফ্রান্সের
সিরিয়ার উত্তরে যুদ্ধরত তুর্কি বাহিনী ও কুর্দি গেরিলাদের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ফ্রান্স।
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কুর্দি প্রভাবিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ)সদস্যদের সঙ্গে এক বৈঠকের পর ফ্রান্স এ প্রস্তাব দেয় বলে জানিয়েছে বিবিসি।
এসডিএফের ভেতরেই কাজ করে সিরীয় কুর্দিদের গেরিলা সংগঠন ওয়াইপিজি, যাদেরেকে তুরস্ক তাদের দেশে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে)বর্ধিতাংশ বলে দাবি করে আসছে।
কুর্দি এ গেরিলাদের ‘নিশ্চিহ্ন করতেই’ সীমানা টপকে চলতি বছরের জানুয়ারি থেকে কুর্দি অধ্যুষিত উত্তর সিরিয়ায় অভিযান শুরু করে আঙ্কারা।এরইমধ্যে আফরিনের বিরাট অংশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও দাবি করেছে তারা।
ম্যাক্রোঁ বলেছেন, তিনি তুরস্কের সঙ্গে কুর্দি গেরিলাদের আলোচনা শুরুর ব্যাপারে আশাবাদী।
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে লড়াইয়ে এসডিএফের ভূমিকা ও ত্যাগের কথাও ফরাসী প্রেসিডেন্ট স্মরণ করেছেন বলে তার দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স আইএসের একের পর এক প্রাণঘাতী হামলার শিকার হয়েছে। যার মধ্যে আছে ২০১৫ সালে প্যারিসে জঙ্গি হামলার ঘটনা, যাতে ১৩০ জন নিহত হয়েছিলেন।
সপ্তাহখানেক আগে দক্ষিণ ফ্রান্সে এক আইএস সমর্থকের হাতে আরও তিন ব্যক্তি মারা পড়েন। নিহতদের মধ্যে পুলিশের এক কর্মকর্তাও ছিলেন যিনি হামলাকারীর হাতে জিম্মি এক ব্যক্তির সঙ্গে নিজেকে অদল-বদল করেছিলেন।
সিরিয়ার বেশ কয়েকটি বিরোধীদলের জোট এসডিএফ আইএসবিরোধী যুদ্ধে মার্কিন মিত্র হিসেবে পরিচিত ছিল। জঙ্গি মোকাবেলায় এ জোটের মধ্যে থাকা ওয়াইপিজি গেরিলাদের অস্ত্র ও প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
ওয়াইপিজি বলছে, তুরস্কের পিকেকের সঙ্গে তাদের আদর্শিক মিল থাকলেও সামরিক ও সরাসরি যোগাযোগ নেই। যুক্তরাষ্ট্রও ওয়াইপিজির এ বক্তব্যকে সমর্থন দিচ্ছে।
কুর্দি কর্মকর্তারা জানান, তাদের সঙ্গে বৈঠকে ম্যাক্রোঁ যুদ্ধবিধ্বস্ত এলাকায় আরও সৈন্য পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছেন। প্যারিস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি।
আফরিনে তুর্কি অভিযানে প্রায় তিনশ বেসামরিক নিহত হয়েছে বলে যুদ্ধ পর্যবেক্ষক বিভিন্ন সংস্থা দাবি করলেও, আঙ্কারা এ অভিযোগ উড়িয়ে দিয়েছে।
দুই পক্ষের যুদ্ধে শহরটির অন্তত আড়াই লাখ অধিবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছেন।
আফরিনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করার পর থেকেই আঙ্কারার চোখ মানবিজের দিকে। এসডিএফ নিয়ন্ত্রিত এ শহরটি ২০১৬ সালে আইএস জঙ্গিদের কাছ থেকে মুক্ত হয়েছিল।
বিবিসি বলছে, মানবিজে এখনো মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
বুধবার তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদ সিরীয় শহরটি থেকে কুর্দি গেরিলাদের সরে যাওয়ার আলটিমেটাম দিয়েছে; নাহলে সেখানেও অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি আঙ্কারার।
এরপরও মার্কিন সৈন্যদের মানবিজ ছেড়ে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। তুরস্ক সেখানে নতুন অভিযান শুরু করলে সিরীয় পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে শঙ্কা পর্যবেক্ষকদের।
