‘ভুয়া খবরের’ জন্য ১০ বছর জেলের প্রস্তাব মালয়েশিয়ায়
‘ভুয়া খবর’ এর বিরুদ্ধে লড়াইয়ে নতুন একটি আইনের প্রস্তাব করেছে মালয়েশিয়া সরকার।
এ আইনে ভুয়া খবর ছাপার জন্য দায়ীদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দেওয়া এবং জরিমানা করার কথা বলা হয়েছে। এ জরিমানা হতে পারে সর্বোচ্চ পাঁচ লাখ রিংগিত পর্যন্ত।
‘ভুয়া সংবাদ বিরোধী’ এ বিলটি সোমবারই পার্লামেন্টে উত্থাপনের কথা। সরকারের বিরুদ্ধে অসন্তোষের কণ্ঠরোধ করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রস্তাবিত আইনটির তীব্র সমালোচনা চলছে।
বিলে ‘ভুয়া খবর’ এর বর্ণনায় ‘খবরে প্রকাশিত তথ্য, পরিসংখ্যান ও প্রতিবেদনের কিছু অংশ বা পুরোটাই মিথ্যা হলে’ সেটি ভুয়া খবর বলে বিবেচিত হবে বলে বর্ণনা করা হয়েছে।
ব্লগ, গণফোরাম বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরও এই বিলের আওতায় পড়বে।
এটি মালয়েশিয়ার ভেতরে বা বাইরে বসবাসকারী সবার ক্ষেত্রেই কার্যকর হবে।
এমনকি অন্য কোনো দেশ থেকে মালয়েশিয়া সম্পর্কে ‘ভুয়া খবর’ প্রকাশ পেলেও এ আইনের আওতায় শাস্তি দেওয়ার বিধান থাকবে। এর অর্থ, বিদেশি কোনো ব্যক্তির অনুপস্থিতিতেও বিচার কাজ চলবে এবং শাস্তি হবে।
