২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধ সৌদির, নিহত ১

ইয়েমেন থেকে হুথি বিদ্রোহীদের ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে সৌদি আরবের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 12:42 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

রোববার এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে রাজধানী রিয়াদে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর তিন বছর ধরে চলা সামরিক অভিযানের ঘটনায় এই প্রথম রিয়াদে একজন নিহত হল।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ-র প্রকাশ করা এক বিবৃতিতে জোট বাহিনী জানিয়েছে, মধ্যরাতের একটু আগে রিয়াদের উত্তর-পূর্বাংশের আকাশে তিনটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে সৌদি বাহিনীগুলো, পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় শহর নাজরান, জিজান ও খামিস মুশায়িত লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোও ধ্বংস করা হয়।

রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি বাড়িতে পড়লে মিশরীয় এক বাসিন্দা নিহত ও অপর দুইজন আহত হন বলে জানিয়েছেন জোট বাহিনীর মুখপাত্র কর্নেল তুর্কি আল মালকি, খবর এসপিএর।

রিয়াদে অবস্থানরত রয়টার্সের প্রতিনিধিরা জানিয়েছেন, তারা বেশ কয়েকবার বুম শব্দ শুনেছেন এবং ধোঁয়া উড়তে দেখেছেন।

আরেক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি আলোর একটি লম্বা রেখা দেখার পর বিস্ফোরণের শব্দ শুনেছেন।

সৌদির জরুরি বিভাগের সদস্যরা রিয়াদের আল মালকা মহল্লায় জমিতে তৈরি হওয়া একটি গর্ত ও আশপাশের বাড়িগুলোর ভেঙে পড়া জানালার কাঁচ পরীক্ষা করেছেন।

এবারেরটি নিয়ে গত পাঁচ মাসের মধ্যে তৃতীয়বারের মতো ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র রিয়াদে গিয়ে পৌঁছল।

রয়টার্স বলছে, এই ক্ষেপণাস্ত্র ছোড়ার মাধ্যমে হুথিরা দেখালো তারা রিয়াদ পর্যন্ত পৌঁছতে পারে, এতে ইরান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান আঞ্চলিক বিরোধ আরো ছড়িয়ে পড়ার হুমকি তৈরি হয়েছে।

হুথিদের পরিচালিত বার্তা সংস্থা এসএবিএ-র প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ক্ষেপণাস্ত্র বাহিনী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বুরকান এইচটু ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

গোষ্ঠীটি সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় শহর জিজান, নাজরান ও আবা লক্ষ্য করে অন্য ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে এসএবিএর প্রতিবেদনে বলা হয়েছে।

ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু আল হাদিকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করার পর ২০১৫ সালের মার্চে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোট বাহিনী।

হুথিদের এই সাফল্যকে প্রতিদ্বন্দ্বী ইরানের ক্ষমতার সম্প্রসারণ হিসেবে বিবেচনা করে রিয়াদ। ইরান হুথিদের রকেট সরবরাহ করছে অভিযোগ করে একে ‘সরাসরি সামরিক অগ্রাসন’ বলে অভিহিত করেছে রিয়াদ।

অপরদিকে তেহরান থেকে কোনো ধরনের সহায়তা পাওয়ার কথা অস্বীকার করেছে হুথিরা।

সৌদি জোটকে সমর্থন করা ‍যুক্তরাষ্ট্রও ইরান হুথিদের অস্ত্র সরবরাহ করছে বলে অভিযোগ করেছে। এর মাধ্যমে ইরান জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।

ইয়েমেনের যুদ্ধে এ পর্যন্ত ১০ হাজারেরও বেশি লোক নিহত হয়েছে এবং ২০ লাখেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছে। এতে আরব উপদ্বীপের সবচেয়ে দরিদ্র এই রাষ্ট্রটিতে ব্যাপক মানবিক সংকট দেখা দিয়েছে। দেশটির প্রায় ১০ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছে।

যুদ্ধে জোট বাহিনী কিছুটা সাফল্য পেলেও তারা রাজধানী সানা পুনর্দখল করা থেকে বহু দূরে আছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।