নিউ ইয়র্কে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে রাশিয়া: নিকি হ্যালি
রাশিয়ার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে রাসায়নিক অস্ত্র প্রয়োগে হত্যাচেষ্টার পরবর্তী স্থান নিউ ইয়র্ক সিটি হতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।
সাবেক রুশ গুপ্তচর হত্যাচেষ্টার ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাজ্যের অবস্থানের সঙ্গে একাত্মতা প্রকাশ করে হ্যালি বুধবার এ সতর্কবার্তা দেন বলে জানিয়েছে সিএনএন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে তিনি বলেন, “গুপ্তচর হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত রাশিয়ার বিরুদ্ধে শাস্তিস্বরূপ বিশ্বনেতারা এখনই বাস্তবসম্মত ব্যবস্থা নিতে না পারলে রাসায়নিক অস্ত্রের প্রয়োগ কেবল সলসবেরিতেই থেমে থাকবে না। নিউ ইয়র্ক কিংবা এ পরিষদে আসীন যে কোনো দেশের নগরীতেই এ অস্ত্র প্রয়োগ হতে পারে।”
হ্যালি বলেন, “যুক্তরাজ্যে নার্ভ এজেন্ট ব্যবহার করে দুইজনকে হত্যার চেষ্টায় রাশিয়া দায়ী বলেই যুক্তরাষ্ট্র মনে করে।” আন্তর্জাতিক আইন ভঙ্গ করে একাজ করার জন্য রাশিয়া সরকারের সমালোচনাও করেন হ্যালি।
গত ৪ মার্চ ইংল্যান্ডে সলসবেরির উইল্টশায়ারে একটি পার্কের বেঞ্চ থেকে সংজ্ঞাহীন অবস্থায় সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল (৬৬) ও তার মেয়ে ইউলিয়াকে (৩৩) উদ্ধার করা হয়। মেডিক্যাল পরীক্ষায় স্ক্রিপাল ও তার মেয়েকে নোভিচক গ্রুপের একটি নার্ভ এজেন্ট দেওয়া হয়েছিল বলে জানা যায়।
সাবেক সোভিয়েত ইউনিয়ন ৭০ ও ৮০’র দশকে এ সিরিজের নার্ভ এজেন্টগুলো তৈরি করেছে। যেগুলো সবচেয়ে মারাত্মক নার্ভ এজেন্ট (উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক) হিসাবে বিবেচিত।
ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে বলছেন, সোভিয়েত যুগের নার্ভ এজেন্ট ব্যবহার হওয়ার কারণে রাশিয়াই ওই কাজ করে থাকার সম্ভাবনা “খুব বেশি।”
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশনে মার্কিন দূত নিকি হ্যালি বলেন, “পরিষদের সদস্যদেশগুলো সময়ে সময়ে বলেছে, তারা যে কোনো পরিস্থিতিতেই রাসায়নিক অস্ত্র প্রয়োগের বিরোধী। আর এখন এ পরিষদেরই এক সদস্যের বিরুদ্ধে আরেক সদস্য রাষ্ট্রের সার্বভৌম মাটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ উঠেছে। আমরা রাশিয়াকে এর জন্য জবাবদিহি করাতে না পারলে এ পরিষদের বিশ্বাসযোগ্যতাই আর টিকে থাকবে না।”
রাশিয়া ৪ মার্চে গুপ্তচর হত্যাচেষ্টার ওই ঘটনার দায় অস্বীকার করে আসছে এবং যুক্তরাজ্যের বিরুদ্ধে পাল্টা নানা আগ্রাসী ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে।
লন্ডন একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করছে বলে নিরাপত্তা পরিষদে দোষারোপ করেছেন রাশিয়ার রাষ্ট্রদূত ভিসলে নেবেনজিয়া। “যুক্তরাজ্যের পদক্ষেপের পাল্টা জবাব আমাদের পক্ষ থেকেও দেওয়া হবে বলে আমরা সতর্ক করে দিচ্ছি।”
