চীন সরকারের কেন্দ্রীয় কাঠামোতে বড় ধরনের রদবদল হচ্ছে
শি জিনপিংকে ক্ষমতায় রাখতে সংবিধান সংশোধনের পর এবার সরকারের কেন্দ্রীয় কাঠামোতে বড় ধরনের রদবদল ঘটাতে চলেছে চীন।
এর অংশ হিসেবে দেশটির ব্যাংক ও বীমা খাত নিয়ন্ত্রণ ব্যবস্থা একীভূত করার পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন চীনের কর্মকর্তারা।
চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশনে এ বিষয়টি ছাড়াও নতুন কয়েকটি মন্ত্রণালয় গঠনের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে।
বিবিসি জানায়, অর্থনীতির উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে প্রেসিডেন্ট শি এ পরিকল্পনা করেছেন।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ঝু জিয়াওচুয়ান বলেন, আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থার ছিদ্রগুলো বন্ধ করা প্রয়োজন। সেইসঙ্গে এ খাতের আর্থিক ঝুঁকি হ্রাস করতে এ সংক্রান্ত আইনের ত্রুটিগুলোও সংশোধন করতে হবে।
দেশের আর্থিক ঝুঁকি হ্রাস করতে গত মাসে চীনের বৃহত্তম বীমা কোম্পানি ‘অ্যানবাং ইসুরেন্স গ্রুপের’ নিয়ন্ত্রণ নিয়েছে বেইজিং। অ্যানবাং চীনের সবচেয়ে ধনী ও প্রতিষ্ঠিত বীমা কোম্পানিগুলোর একটি।
নতুন মন্ত্রণালয়গুলোর মধ্যে গঠন করা হবে নতুন কৃষি এবং পল্লী গ্রাম বিষয়ক মন্ত্রণালয়। অন্যান্য নতুন মন্ত্রণালয়ের মধ্যে থাকবে প্রাকৃতিক সম্পদ, অভিবাসন, সংস্কৃতি ও পর্যটন এবং পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়।
