২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লোরিডা স্কুলে হামলা: মেয়েকে মরার ভান করতে বলেছিলেন মা

“সে যদি গুলি করে তাহলে মরে যাওয়ার ভান করো,”  ফ্লোরিডার হাইস্কুলে গতমাসের বন্দুক হামলার সময় মোবাইলে মেয়েকে এভাবেই পরামর্শ দিয়েছিলেন এক মা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 11:13 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

ওই দিন যুক্তরাষ্ট্রের জরুরি কল সার্ভিস ৯১১ এ আসা কয়েকটি ফোন কলের রেকর্ডিং বৃহস্পতিবার প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এরই একটি কলের কথপোকথনের সময় ওই মা’ কে একথা বলতে শোনা গেছে।

গত ১৪ ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পার্কল্যান্ডে মার্জরি স্টোনম্যান ডগলাস হাইস্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। হামলার কয়েকঘণ্টা পর আটক করা হয় ওই স্কুলেরই সাবেক ছাত্র নিকোলাস ক্রুজকে। হামলাটি সে-ই চালিয়েছিল।

হামলার সময় আতঙ্কিত স্কুল শিক্ষার্থীরা সেদিন ৯১১- এ  ৮১টি ফোন করেছে। এর মধ্য থেকেই বৃহস্পতিবার ১০টি কলের কথোপকথন প্রকাশ করা হয়।

এগুলোর মধ্যে একটি ফোন কলে এক ব্যক্তি যখন ৯১১ সার্ভিস অপারেটরের কাছে স্কুলের পরিস্থিতি জানাচ্ছিলেন তখন পাশ থেকে এক নারীকে তার মেয়ের সঙ্গে ফোনে কথা বলতে শোনা যাচ্ছিল।

তিনি বারবার মেয়েকে ‘ভালোবাসি’ কথাটি বলছিলেন। ওই মা বলে চলেন, “আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, সব ঠিক হয়ে যাবে। তুমি কি কোথাও লুকাতে পারবে? তুমি কি মরে যাওয়ার ভান করতে পারবে?”

১৫ মিনিট ধরে মেয়ের সঙ্গে কথা বলেন ওই নারী। ক্রমাগত মেয়েকে পরামর্শ দিয়ে তিনি বলেন, “যদি সে গুলি করে, তোমাকে মরার ভান করতে হবে। যদি সে গুলি করে তাহলে মরে যাওয়ার নাটক করো।’

হামলার দিন ফ্লোরিডার স্কুলের ভেতর থেকেও এক শিক্ষার্থী ৯১১ এ কল করে ফিস ফিস করে স্কুলে গুলি হওয়ার কথা জানায়। অন্য ফোন কলগুলোতে শোনা যায়, ৯১১  অপারেটররা শিক্ষার্থীদেরকে তাদের মোবাইলগুলো সাইলেন্ট করে লুকিয়ে রাখার কথা বলার জন্য অভিভাবকদের পরামর্শ দিচ্ছেন।