ন্যাম হত্যা : উ. কোরিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা
উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-ন্যামকে হত্যায় পিয়ংইয়ং ভিএক্স রাসায়নিক ব্যবহার করেছিল বলে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে এবং এর পরিণামে দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে।
‘আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট’ এর আওতায় উত্তর কোরিয়ায় পণ্য বিক্রি এবং জাতীয় নিরাপত্তার জন্য স্পর্শকাতর কোনো জিনিস ও প্রযুক্তি উত্তর কোরিয়ায় রপ্তানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে এ নিষেধাজ্ঞা কার্যত প্রতীকী।
যুক্তরাষ্ট্র শুরু থেকেই ন্যাম হত্যায় উত্তর কোরিয়া জড়িত বলে দাবি করে আসছে। ওদিকে, উত্তর কোরিয়া বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছে।
কিন্তু এবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নূয়ার্ট এক বিবৃতিতে বলেছেন, উত্তর কোরিয়া সরকারের নির্দেশেই মালয়েশিয়ায় রাসায়নিক ওই অস্ত্র প্রয়োগে ন্যামকে হত্যা করা হয় বলে যুক্তরাষ্ট্র সরকার চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সরকারি জার্নাল ‘ফেডারেল রেজিস্টারে’ এ তথ্য প্রকাশের পরই গত ৫ মার্চে উত্তর কোরিয়ার ওপর নতুন বাড়তি নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানান নুয়ার্ট।
২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে কুয়ালালামপুর বিমানবন্দরে ফ্লাইটের জন্য অপেক্ষা করার সময় খুন হয়েছিলেন কিম জং-ন্যাম। ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের দুই নারী ন্যামের মুখে ভিএক্স নার্ভ এজেন্ট চেপে ধরেছিলেন।
হত্যার অভিযোগে এ দুই নারীর বিচার চলছে। যদিও তাদের দাবি, নিছক টেলিভিশনের একটি কৌতুক অনুষ্ঠানের অংশ হিসেবে তারা ওই কাজ করেছিলেন। এটি যে কোনো হত্যাকাণ্ড তা তারা বুঝতে পারেননি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এ হত্যাকাণ্ডের ঘটনায় নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে উত্তর কোরিয়ার বিরুদ্ধে ওই নতুন নিষেধাজ্ঞা আরোপ করল।
ফেডারেল রেজিস্টারে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন নিশ্চিত হয়েছেন যে, “উত্তর কোরিয়া কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেনি বরং নিজ দেশের নাগরিকের বিরুদ্ধেও প্রাণঘাতী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।”
মন্ত্রণালয়ের মুখপাত্র নুয়ার্ট বলেন, “রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনকে এভাবে প্রকাশ্যে অবজ্ঞা করে উত্তর কোরিয়া তাদের বেপরোয়া প্রকৃতির সুস্পষ্ট প্রমাণ দিয়েছে। আমরা আবারও বিশেষভাবে বলতে চাই, আমরা উত্তর কোরিয়ার কোনো ধরনের গণবিধ্বংসী অস্ত্র উন্নয়ন প্রকল্প মেনে নেব না।”
উত্তর কোরিয়া সম্প্রতি পিয়ংইয়ং সফর করা দক্ষিণ কোরীয় প্রতিনিধিদলের কাছে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার পর কিম জং-ন্যাম খুনের বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্রদপ্তরের এ ঘোষণা এল।
