দক্ষিণ কোরিয়ার সঙ্গে ‘নতুন ইতিহাস গড়তে’ চান কিম
দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের মধ্য দিয়ে ‘নতুন ইতিহাস রচনা’ করতে চান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং সফরে যাওয়া দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক শেষে কিম দুই কোরিয়ার ঘনিষ্ঠ সম্পর্কের পথে উৎসাহ নিয়ে এগিয়ে যাওয়া এবং পুনরেকত্রীকরণ প্রক্রিয়া চালিয়ে যাওয়ার দৃঢ় ইচ্ছা প্রকাশ করেন।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ দুই নেতা আগামী মাসেই দু’দেশের একটি সম্মেলনে সাক্ষাৎ করবেন বলে জানিয়েছেন দক্ষিণ কোরীয় দলের এক দূত।
তিনি জানান, দুই কোরিয়ার সীমান্তবর্তী যুদ্ধবিরতি গ্রাম পানমুনজমে তাদের বৈঠক হবে এবং গত এক দশকের বেশি সময়ের মধ্যে এটিই হবে দু’নেতার প্রথম বৈঠক। তাছাড়া, দুই দেশ নেতাদের মধ্যে হটলাইন চালু করতেও রাজি হয়েছে।
দক্ষিণ কোরিয়ার উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ১০ সদস্যের প্রতিনিধি দলটি সোমবার দুই দিনের সফরে উত্তর কোরিয়ায় যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির আলোচনার পট প্রস্তুত করার চেষ্টা নিয়ে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় ফিরে এক সংবাদ সম্মেলনে দলটির কর্মকর্তারা জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন এখন পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইচ্ছুক বলেও তাদেরকে জানিয়েছেন।
উত্তর কোরিয়ার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে বলে বোধ করলে কিম আলোচনায় যাবেন। আর এ কূটনৈতিক তৎপরতা চলার সময় উত্তর কোরিয়া কোনো ক্ষেপণাস্ত্রও উৎক্ষেপণ করবে না বলে কিম কথা দিয়েছেন।
যুক্তরাষ্ট্র বলেছিল, উত্তর কোরিয়া পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনার ইচ্ছা প্রকাশ করলেই কেবল তারা দেশটির সঙ্গে আলোচনার পথে এগুতে পারে।
উত্তরের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্কোন্নয়নকে যুক্তরাষ্ট্র সতর্কতার সঙ্গে ইতিবাচক বলে মন্তব্য করেছে। তবে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরিহার করতে প্রস্তুত না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনার সম্ভাবনা যুক্তরাষ্ট্র নাকচ করেছে।
