২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৭৬ বছর পর খোঁজ মিলল ২য় বিশ্বযুদ্ধে হারানো মার্কিন রণতরীর

৭৬ বছর পর সমুদ্রের তলদেশে খোঁজ মিলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডুবে যাওয়া মার্কিন রণতরী ইউএসএস লেক্সিংটনের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 05:13 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

অস্ট্রলিয়ার পূর্ব উপকূল থেকে ৮০০ কিলোমিটার দূরে কোরাল সাগরের তিন কিলোমিটার গভীরে রণতরীটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে বলে জানিয়েছে বিবিসি।

১৯৪২ সালের ৪ থেকে ৮ মে কোরাল সাগরে এক যুদ্ধে লেক্সিংটন হারিয়ে গিয়েছিল; যুদ্ধে রণতরীটির দুই শতাধিক নাবিকও নিহত হয়।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেনের নেতৃত্বাধীন একটি অনুসন্ধানী দল রোববার হারিয়ে যাওয়া রণতরীটির খোঁজ পায় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী।

বেশ কয়েকটি ছবিতে রণতরীটির ধ্বংসাবশেষ সুরক্ষিত থাকতে দেখা গেছে। ধ্বংসাবশেষের সঙ্গে লেক্সিংটনের ৩৫ টি বিমানের মধ্যে ১১টি বিমানেরও খোঁজ পেয়েছে পল অ্যালেনের ভালকান কোম্পানি।

প্রশান্ত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল হ্যারি হ্যারিস মঙ্গলবার এক বিবৃতিতে হারিয়ে যাওয়া রণতরীর সন্ধান পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।

‍তিনি বলেন,"ইউএসএস লেক্সিংটনের বেঁচে যাওয়া একজনের সন্তান হিসেবে পল অ্যালেন ও অনুসন্ধানকারী নৌযান পেট্রেলের নাবিকদের অভিনন্দন জানাচ্ছি,"

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রশান্ত মহাসাগরে জাপানের অগ্রযাত্রা থামিয়ে দিতে কোরাল সাগরের যুদ্ধকে গুরুত্বপূর্ণ মুহুর্ত হিসেবে বিবেচনা করা হয়।

জাপানি টর্পেডো ও বোমায় বিধ্বস্ত বিমানবাহী রণতরী লেক্সিংটনকে মার্কিন বাহিনীই ডুবিয়ে দিয়েছিল। জাপানি বাহিনীর হামলায় রণতরীর ২১৬ নাবিকের মৃত্যুর কথাও পরে মার্কিন নৌবাহিনী জানিয়েছিল, উদ্ধার করা হয়েছিল দুই হাজারেরও বেশি ক্রুকে।

‍"দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হারিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ জাহাজের একটি হওয়ায় লেক্সিংটনের খোঁজ আমাদের অগ্রাধিকার তালিকায় ছিল," বলেন ভালকানের মুখপাত্র রবার্ট ক্রাফট।

আট দশক আগে হারিয়ে যাওয়া এ যুদ্ধজাহাজের খোঁজ পেতে ছয় মাস ধরে পরিকল্পনা করতে হয়েছ বলেও জানান তিনি।

সমুদ্র তলদেশ থেকে অনুসন্ধানকারী নৌযানের তোলা ছবিতে লেক্সিংটনের নামফলক ও বিমান বিধ্বংসী অস্ত্র দেখা গেছে; রণতরীতে থাকা বেশ কয়েকটি বিমানও বেশ ভাল অবস্থায় আছে বলে মনে করা হচ্ছে।

মার্কিন নৌবাহিনী ওই ধ্বংসাবশেষকে ‌'সমরসমাধি' হিসাবে গণ্য করায় জাহাজটি আর সেখান থেকে উদ্ধার করে আনবে না বলে জানানো হয়েছে খবরে।

ভালকান গত বছর ইউএসএস ইন্ডিয়ানাপোলিসের ধ্বংসাবশেষেরও খোঁজ পেয়েছিল। ১৯৪৫ এর জুলাইয়ে ডুবে যাওয়া মার্কিন রণতরীটির সঙ্গে প্রায় একই সময় ডুবে যাওয়া আরও কয়েকটি যুদ্ধজাহাজেরও সন্ধান পাওয়ার কথা জানিয়েছিল অ্যালেনের মালিকানাধীন এ প্রতিষ্ঠান।

খোঁজ পাওয়া জাহাজগুলোর মধ্যে ছিল ইতালীয় নৌযান আর্টিগ্লেয়ার ও জাপানি যুদ্ধজাহাজ মুসাশি।