জার্মানিতে অবশেষে খুলল মহাজোটের জট
জার্মানিতে চ্যান্সেলর আঙ্গেলা মের্কেলের রক্ষণশীলদের সঙ্গে জোট মেনে নিয়েছে মধ্য বামপন্থি দল সোশ্যাল ডেমোক্রেটস (এসপিডি) সদস্যরা। ফলে নতুন মহাজোট সরকার গঠনের পথে অবশেষে বাধা কেটেছে।
দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসপিডি’র ৬৬ শতাংশ সদস্য মহাজোটের পক্ষে ভোট দিয়েছে৷ বাকি ৩৪ শতাংশ ভোট দিয়েছে বিপক্ষে।
এতে করে চতুর্থবারের মতো সরকার গঠনসহ চ্যান্সেলর হওয়ার পট প্রস্তুত হল মের্কেলের৷ আগামী দু'সপ্তাহের মধ্যেই জার্মানিতে নতুন সরকার দায়িত্ব নিতে পারে বলে মনে করা হচ্ছে৷
গত বছর সেপ্টেম্বরে জার্মনির জাতীয় নির্বাচনে মেরকেল নেতৃত্বাধীন জোট জয়লাভ করলেও সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এরপর থেকেই সরকার গঠনে শুরু হয় আলোচনা৷
প্রথমে গ্রিন পার্টি ও লিবারেল ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) এর সঙ্গে আলোচনা ব্যর্থ হয়৷ এসপিডি শুরুর দিকে মহাজোট গঠনে আগ্রহ না দেখালেও পরে আলোচনায় বসতে রাজি হয়৷
অবশেষে আলোচনার নানা ধাপ পেরিয়ে পাঁচ মাস পর সরকার গঠনের বিষয়টি চূড়ান্ত হল৷
মের্কেলের রক্ষণশীল সিডিইউ-সিএসইউ'র সঙ্গে এসপিডি আদৌ জোট গঠন করবে কি না এ প্রশ্নটিই শেষ পর্যায় পর্যন্ত রয়ে গিয়েছিল।
কিন্তু রোববার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভোটের চূড়ান্ত ফলে এসপিডি’র সমর্থনের রায় আসার পর মহাজোট গড়ার পথে সব জট খুলে যায়।
এসপিডি’র অন্তর্বর্তী নেতা এক ঘোষণায় বলেন, “আমরা এখন নিজেদের অবস্থান সম্পর্কে স্পষ্ট হয়েছি। এসপিডি পরবর্তী সরকারে যাচ্ছে।”
জ্যেষ্ঠ ক্রিশ্চিয়ান ডেমক্র্যাট সদস্য ভলকার বুফিয়ে এসপিডি’র সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, “এ ফল দেশের জনগণের জন্য এক শুভদিন এবং ভবিষ্যৎ জার্মানির জন্য ইতিবাচক।”
