বাঁধ বিরোধী আন্দোলনকারী খুনে জ্বালানি কোম্পানির নির্বাহী আটক
হন্ডুরাসে খ্যাতনামা এক পরিবেশ আন্দোলনকারীকে খুনের মূল পরিকল্পনাকারী সন্দেহে এক জ্বালানি কোম্পানির নির্বাহী প্রেসিডেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুই বছর আগে ২০১৬ সালের ২ মার্চ পরিবেশ আন্দোলন কর্মী বের্তা কাসেরেসকে তার নিজ বাড়ির ভিতরে গুলি করে হত্যা করা হয়েছিল।
ওই সময় তিনি একটি বাঁধ নির্মাণ প্রকল্পের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন বলে জানিয়েছে বিবিসি।
দেসারইওস এনারহেতিকোস (দেসা) নামের একটি কোম্পানি ওই বাঁধটি নির্মাণ করছিল। পুলিশ দেসার নির্বাহী প্রেসিডেন্ট রবার্তো দাভিদ কাস্তিওকে গ্রেপ্তার করেছে।
কাস্তিওকে দেশটির উত্তরাঞ্চলের একটি বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার জানিয়েছেন হন্ডুরাসের কৌঁসুলিরা। প্রকাশিত সংবাদে প্রতিবেদনগুলোতে কাস্তিওকে সামরিক বাহিনীর একজন সাবেক গোয়েন্দা কর্মকর্তা বলা হয়েছে।
৪৩ বছর বয়সী স্কুল শিক্ষক কাসেরেসকে খুনের ঘটনায় কাস্তিওর বিরুদ্ধে ইতোমধ্যে অভিযুক্ত এক অপরাধীকে বিভিন্ন সহযোগিতা ও অর্থ দিয়ে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এক সরকারি মুখপাত্র।
এক বিবৃতিতে এই খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে কাস্তিওকে ‘নিরপরাধ’ বলে দাবি করেছে দেসা।
‘আন্তর্জাতিক চাপে ও এনজিওদের মিথ্যা প্রচারণার কারণে কোম্পানিটিকে ওই খুনে জড়ানো হয়েছে ও কাস্তিওকে গ্রেপ্তার করা হয়েছে,’ বিবৃতিতে দাবি করেছে কোম্পানিটি।
‘সবুজ নোবেল’ পুরস্কার হিসেবে পরিচিত গোল্ডম্যান ইনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত কাসেরেসকে খুনের ঘটনায় ইতোমধ্যে আরো আট জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এদের মধ্যে হন্ডুরাসের সশস্ত্র বাহিনীগুলোর সদস্য ও দেসার কয়েকজন কর্মী রয়েছেন।
বাণিজ্যিক স্বার্থের কারণেই কাসেরেসকে খুন করা হয়েছে বলে অভিযোগ করে আসছিল তার পরিবার। খুনের কয়েক মাস আগে থেকেই পুলিশ, রাজনীতিক ও নির্মাণ কোম্পানিগুলো তাকে হুমকি দিচ্ছিল বলে দাবি করেছেন তারা।
২০১৭ সালের নভেম্বরে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ৯২ পাতার তদন্ত প্রতিবেদনে এই আন্দোলনকারীকে হত্যার ষড়যন্ত্রে ওই জ্বালানি কোম্পানির নির্বাহীরা ও রাষ্ট্রীয় গোয়েন্দারা জড়িত বলে অভিযোগ করা হয়।
কাসেরেসের খুনে আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়। অস্কার বিজয়ী অভিনেতা ও পরিবেশ আন্দোলনকারী লিওনার্দো ডিক্যাপ্রিও টুইট করে কাসেরেসের কাজকে সম্মান জানানোর দাবি তুলেন।
হন্ডুরাসের আদিবাসী সম্প্রদায়গুলোর স্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কাসেরেস স্মরণীয় হয়ে আছেন।
হন্ডুরাসের আদিবাসী লেনকা লোকজনকে নিয়ে সমাবেশ করে ও তৃণমূল পর্যায়ে সফল আন্দোলন গড়ে তুলে কাসেরেস আগুয়া জারকা বাঁধ নির্মাণ থেকে বিশ্বের বৃহত্তম বাঁধ নির্মাণ কোম্পানিকে সরে যেতে বাধ্য করেন।
বাঁধটি নির্মিত হলে আদিবাসী লেনকা জনগোষ্ঠীর দখলে থাকা বিশাল এলাকা তলিয়ে যেত এবং তাদের খাদ্য, পানি ও ওষুধের সরবরাহ বন্ধ হয়ে যেত।
গত এক দশকে হন্ডুরাসে নিহত শতাধিক ভূমি আন্দোলনকারীর মধ্যে চার সন্তানের জননী কাসেরেস অন্যতম।
