২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ভুল রোগীর মস্তিষ্কে অপারেশন’ কেনিয়ার চিকিৎসকদের

মস্তিষ্কে রক্ত জমাট বেধে আছে এমন এক রোগীর অপারেশন হওয়ার কথা, চিকিৎসকরা ভুল করে শুরু করলেন অন্যজনের; ফোলার চিকিৎসায় হাসপাতালে ভর্তি হওয়া যে রোগীর কাটা-ছেঁড়ার নিচে যাওয়ারই প্রয়োজন ছিল না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2018, 11:07 AM

Updated : 08 Apr 2022, 06:00 PM

গত সপ্তাহে নাইরোবির কেনিয়াত্তা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসকরা ‘ভুল রোগীর মস্তিষ্কে অপারেশনের’ এ ঘটনার জন্ম দেন, যা নিয়ে কেনিয়াজুড়ে চলছে তীব্র সমালোচনা।

ঘটনার পর নার্স থেকে শুরু করে প্রধান নির্বাহী পর্যন্ত হাসপাতালটির অনেক কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে বলে খবর বিবিসির।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, রোগীদের পরিচিতিমূলক ট্যাগে ওলটপালট হওয়ায় একজনের বদলে অন্যজনকে সার্জারি কক্ষে নিয়ে যাওয়া হয়। এরপরই শুরু হয় অপারেশন, যার ‘কয়েক ঘণ্টা’ পর চিকিৎসকরা নিজেদের ভুল বুঝতে পারেন। 

তুঘলকি এ ঘটনার তদন্ত শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। নিয়ন্ত্রক সংস্থাগুলো ঘটনাটির প্রতিবেদন চেয়েছে এবং এ নিয়ে শুনানি আয়োজনের পরিকল্পনা করছে।

চিকিৎসকদের এমন ভুলের তুমুল সমালোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই ঘটনায় স্তম্ভিত হওয়ার কথা জানিয়েছেন।

সন্তান জন্ম দেওয়া নতুন মায়েরা যৌন হয়রানির শিকার হচ্ছেন, কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালটির বিরুদ্ধে এ অভিযোগের তদন্ত করার ঘোষণা দেওয়ার মাত্র দেড় মাসের মাথায় ভুল রোগীর মস্তিষ্কে অপারেশনের এ ঘটনা ঘটল।

হাসপাতালটির প্রধান নির্বাহী লিলি কোরোস এ ঘটনায় দুঃখ প্রকাশ করে অপারেশন হওয়া রোগীর সুস্থতার জন্য সম্ভাব্য সব কিছু করার নিশ্চয়তা দিয়েছেন।

“জনসাধারণকে আমরা আনন্দের সঙ্গে জানাতে চাই, রোগীটি সুস্থ হয়ে উঠছেন, এবং ভালো করছেন,” বিবৃতিতে বলেন তিনি।

অপারেশনকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট নিউরোসার্জন, অ্যানেস্থেটিস্ট ও দুই নার্সকে বরখাস্ত করার কথাও জানান কোরোস।

“কর্তৃপক্ষ নিউরোসার্জারি নিবন্ধকের ভর্তি করার অধিকার সাময়িক স্থগিত করেছে। ভুল রোগীর অপারেশনের জন্য তাকে কারণ দর্শানোর নোটিসও দেওয়া হয়েছে,” বলেন এ প্রধান নির্বাহী।

হাসপাতাল কর্তৃপক্ষের বিবৃতির কয়েক ঘণ্টা পর কেনিয়ার স্বাস্থ্য মন্ত্রী সিসিলি কারিয়ুকি তদন্ত চলাকালীন সময়ে হাসপাতালটির প্রথান নির্বাহী কোরোস ও ক্লিনিকাল অ্যাফেয়ার্স কর্মকর্তাকেও বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর কথা জানান।

চিকিৎসকদের বরখাস্তের প্রতিবাদ জানিয়েছেন তার সহকর্মীরা। ট্যাগ ওলট পালটকারী ব্যক্তিই এই ‘ভুল অপারেশনের’ জন্য প্রধানত দায়ী উল্লেখ করে তার শাস্তিরও দাবি তুলেছেন তারা।

চিকিৎসকদের সংগঠন কেনিয়া মেডিকেল প্র্যাকটিশনার, ফার্মাসিস্টস ও ডেন্টিস্ট ইউনিয়ন বলছে, কর্মচারী সংকটের কারণে হাসপাতালটিতে ভিড় লেগেই থাকে; এর পাশাপাশি অপারেশন থিয়েটারের ব্যবস্থাপনাও অপর্যাপ্ত। 

“আপনি কোনো কোনো চিকিৎসককে একদিনেই ১০ থেকে ১৯টি অপারেশনও করতে দেখবেন,” রয়টার্সকে বলেন ইউনিয়নের প্রধান নির্বাহী ওউমা ওলুগা।

স্থানীয় সংবাদমাধ্যম নেশন জানিয়েছে, যে রোগীর মস্তিষ্কে অপারেশন প্রয়োজন ছিল, অপারেশন ছাড়াই এখন তার অবস্থারও উন্নতি হচ্ছে।

সমালোচকদের অনেকেই ঘটনার পর হাসপাতালের পুরো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পদত্যাগ দাবি করেছেন।

গত মাসে হাসপাতালটি থেকে সদ্য জন্ম নেওয়া এক শিশুকে অপহরণেরও ঘটনা ঘটে। একদিনের মধ্যেই শিশুটিকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফিরিয়েও দেওয়া হয়েছে।

নাইরোবির এ সরকারি হাসপাতালের ভাঙ্গা যন্ত্রপাতি, অতিরিক্ত ভিড় এবং চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা নিয়েও নানান সময়ে সমালোচনা হয়েছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এজন্য অপর্যাপ্ত তহবিলকে দায়ী করেছেন। কেনিয়াজুড়ে স্বাস্থ্য ব্যবস্থার করুণ দশায় হাসপাতালটিকে ধারণক্ষমতার চেয়েও বেশি ধকল পোহাতে হয় বলেও মন্তব্য অনেকের।