তালেবানকে শান্তি আলোচনার প্রস্তাব আফগান প্রেসিডেন্টের
আফগানিস্তানে ১৬ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে তালেবান গোষ্ঠীকে কোনো ধরনের ‘পূর্বশর্ত ছাড়াই’ শান্তি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
তিনি তালেবানকে আফগানিস্তানের বৈধ রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেওয়ারও প্রস্তাব দিয়েছেন।
শান্তি আলোচনার ভিত গড়তে বুধবার শুরু হওয়া একটি আন্তর্জাতিক সম্মেলনে আশরাফ ঘানি এ প্রস্তাব দেন। প্রায় ২৫টি দেশের প্রতিনিধিরা এ সম্মেলনে যোগ দিয়েছে।
পাশ্চিমা-বিশ্ব সমর্থিত আফগান সরকার এবং তালেবান উভয়ই বহুবার শান্তি প্রতিষ্ঠায় আলোচনায় বসার আগ্রহ দেখানোর পর ঘানির ওই প্রস্তাব এক নতুন মাত্রা যোগ করেছে।
সম্মেলনে যুদ্ধবিরতি, কারাবন্দিদের মুক্তি এবং নতুন করে নির্বাচনসহ আরও বেশ কিছু প্রস্তাব দেন ঘানি।
তিনি বলেন, “একটি শান্তি চুক্তির পথে এগিয়ে যেতে কোনো ধরনের পূর্বশর্ত ছাড়াই আমরা এ প্রস্তাব দিচ্ছি।
“শান্তির পথে অগ্রসর হতে তালেবানের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করছি। আমাদের লক্ষ্য শান্তি আলোচনা এবং তালেবানকে একটি প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেওয়া”
তিনি কারাবন্দি তালেবান নেতাদের মুক্তি এবং তাদের নাম আন্তর্জাতিক সন্ত্রাসীদের তালিকা থেকে সরিয়ে ফেলার প্রস্তাবও দেন।
ঘানির এ ঘোষণা নিশ্চিতভাবেই তার কঠোর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত। কারণ, অতীতে তিনি সবসময়ই তালেবানকে ‘জাঙ্গি সংগঠন’ বলে বর্ণনা করেছেন। যদিও তারপরও তিনি সবসময়ই শান্তি আলোচনার পক্ষে ছিলেন।
২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানের ক্ষমতা থেকে তালেবানকে উচ্ছেদ করে। তারপর থেকে আফগান সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান।
গত কয়েক মাসে আফগানিস্তানে তালেবান হামলায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে।
ঘানি বলেন, শান্তি আলোচনার পথে এগিয়ে যাওয়ার জন্য যে খসড়া তৈরির কথা ভাবা হচ্ছে সেখানে অবশ্যই তালেবানকে একটি বৈধ দল হতে হবে এবং তাদের নিজস্ব প্রধান কার্যালয় থাকতে হবে। যাতে সেখান থেকে কাবুলে বা অন্য কোথাও বসে আলোচনা চালিয়ে যাওয়া যায়।
তালেবানের মিত্রদেশগুলোও তাদের শান্তি আলোচনায় বসতে চাপ দিচ্ছে বলে স্বীকার করে নিয়েছেন তালেবান নেতারা।
তালেবানকে দেওয়া প্রস্তাবের বিনিময়ে তাদের কাছ থেকেও আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া এবং দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ঘানি।
