২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান মুসলিম লীগ প্রধান শাহবাজ, 'আজীবন নেতা' নওয়াজ

পাকিস্তানে আদালতের নির্দেশে নওয়াজ শরীফ প্রধানমন্ত্রীত্ব এবং দলীয় প্রধানের পদ হারানোর পর তার ভাই শাহবাজ শরীফকে দলের অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাচিত করেছে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Feb 2018, 08:34 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

নওয়াজ শরীফকে দলের ‘আজীবন নেতা’ ঘোষণা করা হয়েছে। লাহোরে দলীয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার লাহোরে শরীফ পরিবারের ‘মডেল টাউন’ বাসভবনে পিএমএল-এন’র জেনারেল কাউন্সিলের বৈঠক হয়।

পাকিস্তানের দৈনিক ‘ডন’ জানায়, ওই বৈঠকে নওয়াজ উচ্চস্বরে দলের অন্তর্বর্তী সভাপতি হিসেবে শাহবাজের নাম প্রস্তাব করেন এবং কেউই এতে আপত্তি করেননি। এ বৈঠকেই নওয়াজকে পিএমএল-এন এর ‘আজীবনের নেতা’ ঘোষণা করা হয়।

নওয়াজের ভাই ৬৬ বছর বয়সী শাহবাজ বর্তমানে পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন। নওয়াজের মেয়ে মরিয়ম এক টুইটে সর্বসম্মতিক্রমে শাহবাজের নির্বাচিত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী খাকান আব্বাসি বলেন, “এটি জনগণের সিদ্ধান্ত। আদালতের এ সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই--- এটি আমাদের দলের সিদ্ধান্ত।”

পানামা পেপার্স কেলেঙ্কারি মামলার রায়ে গত বছর জুলাইয়ে সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য ঘোষণা করেছিল।

বরাবরই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসলেও আদালতের রায়ের পর পদত্যাগ করেন নওয়াজ।

তবে প্রধানমন্ত্রীত্ব হারালেও পার্লামেন্টে তার দল সংখ্যাগরিষ্ঠ হওয়ায় একটি আইন সংশোধনের মাধ্যমে তিনি পিএমএল-এন এর নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন।

কিন্তু গত ২১ ফেব্রুয়ারি পাকিস্তানের সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে সব সরকারি কাগজপত্র থেকে পিএমএল-এন এর প্রেসিডেন্ট হিসাবে নওয়াজ শরিফের নাম মুছে ফেলার নির্দেশ দেয়।

পিএমএল-এন’র শীর্ষ নেতা মুশাহিদুল্লাহ খান বলেছেন, “আগামী ৬ মার্চ দলের জেনারেল কাউন্সিলের বৈঠকে পিএনএল-এন’র স্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শাহবাজকে নির্বাচিত করা হবে।”

“নওয়াজ শরীফ দলের আজীবনের সভাপতি হিসেবে কাজ করবেন।”

পুরনো খবর:

আদালতের রায়ে দলীয় প্রধানের পদও হারাচ্ছেন নওয়াজ শরিফ