২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

 উ. কোরিয়ার সঙ্গে আলোচনায় পারমাণবিক নিরস্ত্রীকরণের শর্ত যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার সঙ্গে যে কোনো আলোচনার ক্ষেত্রেই পারমাণবিক কর্মসূচির অবসান হতে হবে বলে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউজ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 08:36 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে সফরকালে উত্তর কোরীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় বসা এবং সম্পর্কের উন্নয়ন ঘটানোর আগ্রহ প্রকাশের পর হোয়াইট হাউজ এ শর্ত দিল।

এক বিবৃতিতে দিয়েছে হোয়াইট হাউজ বলেছে,  “পিয়ংইয়ং আলোচনায় বসতে ইচ্ছুক বলে আজ যে বার্তা দিয়েছে তাতে নিরস্ত্রীকরণের পথে তাদের প্রথম পদক্ষেপের প্রতিফলন ঘটে কিনা আমরা তা দেখব। আর সেইসঙ্গে যুক্তরাষ্ট্রসহ গোটা বিশ্বকেও এটি আবার স্পষ্ট করে দিতে হবে যে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি মৃত অধ্যায়।”

রোববার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারা স্যান্ডার্স বলেছেন, উত্তর কোরিয়ার সঙ্গে যে কোনও আলোচনার শর্ত হচ্ছে, তাদেরকে পরমাণু অস্ত্রমুক্ত হওয়ার অঙ্গীকার করতে হবে।

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে যুক্তরাষ্ট্র গত শুক্রবারও দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে।

ওদিকে, উত্তর কোরিয়াও কোরিয়া উপদ্বীপে সংঘাত উস্কে দেওয়া এবং নতুন এ নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে বিবৃতি প্রকাশ করেছে।

এ বিবৃতির পরই দক্ষিণ কোরিয়ায় সফরে যাওয়া উত্তর কোরীয় প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করে।

তবে হোয়াইট হাউজ জানিয়েছে, নিষেধাজ্ঞা বহাল রাখা হবে।