২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নারী ‘পীর’কে বিয়ে করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান ফের বিয়ে করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2018, 04:12 PM

Updated : 08 Apr 2022, 05:56 PM

রোববার লাহোরে এক ‘অনাড়ম্বর অনুষ্ঠানের’ মাধ্যমে তৃতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ৬৫ বছর বয়সী ইমরান, জানিয়েছেন পিটিআইয়ের এক মুখপাত্র; খবর বার্তা সংস্থা রয়টার্স ও ডন নিউজের।

ইমরানের নতুন স্ত্রীর নাম বুশরা মানেকা এবং তিনি পাঞ্জাব প্রদেশের পাকপাত্তান জেলার একজন শ্রদ্ধেয় ‘পীর’ বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম। 

চল্লিশোর্ধ বুশরা পাঞ্জাবের ওয়াত্তো বংশের নারী। মানেকা ওই বংশের একটি উপ-বংশ বলে ডনের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে ইসলামাবাদের জ্যেষ্ঠ কাস্টম কর্মকর্তা খাওয়ার ফরিদ মানেকাকে বিয়ে করেছিলেন বুশরা, কিন্তু সম্প্রতি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে।  

পাঁচ সন্তানের জননী বুশরাকে এর আগে নিজের ‘আধ্যাত্মিক পরামর্শদাতা’ হিসেবে উল্লেখ করেছিলেন ইমরান। বুশরার পরামর্শকে মূল্যবান মনে করেন বলেও জানিয়েছিলেন। 

এর আগে দুবার বিয়ে করেছিলেন ইমরান। প্রথমবার ১৯৯৫ সালে এক ব্রিটিশ ধনকুবেরের কেতাদুরস্ত কন্যা জেমিমা গোল্ডস্মিথকে বিয়ে করেছিলেন তিনি। তখন আন্তর্জাতিক ট্যাবলয়েডগুলোর পাশাপাশি পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমেও তাদের বিয়ে নিয়ে খবরের পাশাপাশি তুমুল আলোচনা-সমালোচনা হয়েছিল।

২০০৪ সালে তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ২০১৫ সালে সাবেক বিবিসি সাংবাদিক রিহাম খানকে বিয়ে করেছিলেন তিনি, কিন্তু মাত্র ১০ মাসের মাথায় তাদের বিয়ে বিচ্ছেদ হয়ে যায়।