ফ্লোরিডা কান্ডের পর স্কুলের নিরাপত্তাই ‘শীর্ষ অগ্রাধিকার’: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার হাইস্কুলে বন্দুক হামলার পর স্কুলগুলোর নিরাপত্তার বিষয়টিকেই ‘সর্বোচ্চ অগ্রাধিকার’ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্কুলগুলোর নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে প্রশাসন কাজ করে যাবে এবং এ ধরনের হামলার ঘটনা ঘটানোর পেছনে হামলকারীর মানসিক অসুস্থতার দিকটিও নজরে আনবে বলে জানিয়েছেন ট্রাম্প।
ফ্লোরিডায় হামলার পর হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া বিবৃতিতে ট্রাম্প ওই প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমেরিকার শিশুদেরকে তিনি এ বার্তাই দিতে চান যে, “তারা কখনোই একা নয় এবং কখনো একা থাকবেও না।”
ট্রাম্প বলেন, “আমরা সবাই একই আমেরিকান পরিবারের সদস্যের মত একে অপরের সঙ্গে জড়িয়ে আছি। আপনাদের দুর্ভোগ আমাদেরকেও দুঃখ ভারাক্রান্ত করে। আমেরিকার স্কুলগুলোতে কোনো শিশু, কোনো শিক্ষকই কখনো বিপদের মুখে থাকা উচিত না।”
“আপনাদেরও দেখভাল করার মানুষ আছে, যারা আপনাদেরকে ভালবাসে এবং যারা আপনাদেরকে রক্ষায় যে কোনোকিছুই করবে।”
বিবৃতিতে ফ্লোরিডার হাইস্কুলটি পরিদর্শনে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প। সেখানে হামলার শিকার পরিবারগুলোর সঙ্গে দেখা করবেন তিনি।
ট্রাম্প জানান, এ মাসের শেষের দিকেই ফ্লোরিডার রাজ্য গভর্নর এবং এটর্নি জেনারেলদের সঙ্গে বৈঠকে তিনি অগ্রাধিকার ভিত্তিতে স্কুলগুলোর নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলবেন।
ফ্লোরিডার স্কুলে হামলার ঘটনাটি ঘটেছে বুধবার। ওই স্কুলেরই বহিস্কৃত ছাত্র নিকোলাস ক্রুজ ওইদিন মার্জরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ছুটির কিছু সময় আগে ঢুকে পড়ে এলোপাতাড়ি গুলি চালিয়ে ১৪ শিক্ষার্থী ও আরও তিনজনকে হত্যা করে।
এ ঘটনার পর ডেমোক্র্যাটরা আবারো যুক্তরাষ্ট্রে বন্দুক আইন কঠোর করার প্রয়োজনীয়তা নিয়ে সরব হয়েছে। কিন্তু ট্রাম্প তার হোয়াইট হাউজের বক্তব্যে বন্দুক আইনের ব্যাপারে কোনো কথা বলেননি।
