২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়া তদন্তে ব্যাননকে জিজ্ঞাসাবাদ

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে বিশেষ তদন্তে হোয়াইট হাউজের সাবেক চিফ স্ট্র্যাটেজিস্ট স্টিভ ব্যাননকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2018, 10:48 AM

Updated : 08 Apr 2022, 05:55 PM

চলতি সপ্তাহে অন্তত দুইদিন ব্যানন তদন্ত দলের প্রধান রবার্ট মুলারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে খবর বিবিসির।

২০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ জিজ্ঞাসাবাদে কী ধরণের প্রশ্ন করা হয়েছে তা জানা যায়নি।

ব্রেইটবার্ট নিউজের সাবেক নির্বাহী চেয়ারম্যান ব্যানন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরেরও প্রধান ছিলেন।

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর তাকে চিফ স্ট্র্যাটেজিস্ট বানান, গত বছরের অগাস্টে হোয়াইট হাউজের অন্য উপদেষ্টাদের সঙ্গে মতবিরোধের কারণে ব্যানন ওই পদ ছেড়ে দিতে বাধ্য হন।

প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর সম্ভাব্য হস্তক্ষেপ এবং রিপাবলিকান শিবিরের সঙ্গে আঁতাতের অভিযোগ বিষয়ে ট্রাম্পের সাবেক এ শীর্ষ উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ ফল বয়ে আনতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।

এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্তের পেছনে রাশিয়া বিষয়ক অনুসন্ধানের সম্পর্ক আছে, তদন্ত কর্মকর্তাদের এমন ধারণা সঠিক কিনা ব্যাননের কাছ থেকে এ বিষয়ক বিস্তারিত তথ্যও মিলতে পারে।

কোমি পরে বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় রিপাবলিকান শিবিরের সঙ্গে রুশ সংযোগ নিয়ে তদন্তের গতিপথ বদলাতেই ট্রাম্প যে তাকে বরখাস্ত করেছিলেন, সে বিষয়ে ‘কোনো সন্দেহ নেই’।

জিজ্ঞাসাবাদে ব্যাননকে কী ধরনের প্রশ্ন করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট হওয়া না গেলেও সাবেক এ চিফ স্ট্র্যাটেজিস্ট প্রায় ২০ ঘণ্টা মুলারের তদন্ত দলের সঙ্গে সময় কাটান।

পুরো প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি অন্য একটি সংবাদমাধ্যমকে জানান, তদন্ত দল মুলারকে যেসব প্রশ্ন করেছে, তার সবগুলোরই জবাব দিয়েছেন তিনি।

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ বিষয়ে কংগ্রেস সদস্যদের চালানো আরও চারটি তদন্তের পাশাপাশি মুলারের এ তদন্ত চলছে। বৃহস্পতিবার কংগ্রেস কমিটির এক শুনানিতেও ব্যাননকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প শিবিরের সঙ্গে মস্কোর সম্ভাব্য আঁতাত নিয়ে হাউজের ইন্টিলিজেন্স কমিটি পৃথক এ তদন্ত চালাচ্ছে।

এদিনের শুনানিতে তাকে যেসব প্রশ্ন করা হয়, তার বেশিরভাগেরই উত্তর দিতে অস্বীকৃতি জানান ব্যানন। এর বদলে আগে সরবরাহ করা ২৫টি প্রশ্নের লিখিত উত্তরকেই প্রাধান্য দিচ্ছিলেন তিনি। ওই উত্তরগুলো হোয়াইট হাউজের অনুমোদিত।

ব্যাননের এ অবস্থানের কড়া সমালোচনা এসেছে ডেমোক্রেট ও রিপাবলিকান পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে।

এর আগেও একই প্যানেলের শুনানিতে হাজির হয়েছিলেন তিনি; ১০ ঘণ্টাব্যাপী সেবারের জিজ্ঞাসাবাদেও বেশিরভাগ প্রশ্নেরই উত্তর এড়িয়ে যান তিনি।