২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মীদের সঙ্গে সেক্স নিষিদ্ধ, মন্ত্রীদের কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী!

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী বার্নবি জয়েস নারী সহকর্মীর সঙ্গে পরকীয়া নিয়ে কেলেঙ্কারিতে জড়ানোর পরিপ্রেক্ষিতে এবার মন্ত্রীদেরকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। জানিয়েছেন, কোনো মন্ত্রীই আর সহকর্মীদের সঙ্গে যৌন সম্পর্কে জড়াতে পারবেন না।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2018, 07:19 PM

Updated : 08 Apr 2022, 05:55 PM

উপপ্রধানমন্ত্রী জয়েস ২৪ বছরের বিবাহিত জীবনে তার সাবেক প্রেস সচিব ভিকি ক্যাম্পিয়নের সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন এবং তাদের সন্তানও হতে চলেছে।

পরকীয়ার কারণে গত ডিসেম্বরে জয়েসের সংসার ভাঙলেও তা জনসম্মুখে আসে গত বুধবার। সিডনির ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকা ভিকি ক্যাম্পিয়ন গর্ভবতী বলে খবর প্রকাশের পরদিন জয়েস জাতীয় টেলিভিশনে ভিকির সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন।

জয়েসের এ যৌন কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টে সপ্তাহান্তের অধিবেশনে উত্তপ্ত বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী টার্নবুল সহকর্মীদের সঙ্গে মন্ত্রীদের সেক্স নিষিদ্ধের ওই বিধান ঘোষণা করেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “জয়েসের আচরণ তার পরিবারকে দুর্দশায় ফেলেছে। বিবেকের বিচারে তিনি মারাত্মক ভুল করে ফেলেছেন।”

জয়েস মন্ত্রীদের আচরণবিধি লঙ্ঘন করেছেন কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ সময়টিতে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আপাতত ছুটিতে যাচ্ছেন জয়েস। তাছাড়া, পদত্যাগের জন্যও তার ওপর চাপ বাড়ছে।

অস্ট্রেলিয়ার আইনানুযায়ী, মন্ত্রণালয়ের কোনো কর্মীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকলে সেকথা মন্ত্রীদের আগেভাগেই জানাতে হয়। কিন্তু জয়েস তার প্রেস সেক্রেটারি ভিকির সঙ্গে সম্পর্কের কথা জানাননি।

বর্তমান জোট সরকারের অধীনে ভিকি উচ্চ বেতনের দুইটি পদে নিযুক্ত ছিলেন। জয়সের সঙ্গে সুসম্পর্কের কারণেই তিনি ওই সুবিধা পেয়েছিলেন বলে ধারণা করা হয়।

ভিকিকে চাকরি দেওয়ার সময় জয়েস তার সঙ্গে সম্পর্কের কথা মন্ত্রীদেরকে জানাননি বলে অভিযোগ উঠেছে। তবে জয়েস বলছেন, সে সময় ভিকির সঙ্গে তার সম্পর্ক ছিল না। ওই সময়  ভিকি যেহেতু ‘সঙ্গী’ ছিলেন না তাই আইন ভঙ্গ হয়নি বলে দাবি জয়েসের।

তবে প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল বলছেন, মন্ত্রীদের আচরণবিধিতে কোনোরকম ফাঁকফোকরও তিনি রাখবেন না। আর সে কারণেই বিধিমালা ঢেলে সাজানো হবে।

সাংবাদিকদের টার্নবুল বলেন, “মন্ত্রীদেরকে অবশ্যই বিধি অনুযায়ী আচরণ করতে হবে। আর আচরণবিধিতেও কর্মক্ষেত্রে সততা এবং মর্যাদার মানদন্ড অক্ষুন্ন রাখার বিষয়টি স্পষ্টভাবে বলা থাকতে হবে যেটি অস্ট্রেলিয়ার জনগণ আমাদের কাছ থেকে আশা করে।”

তিনি বলেন, “পার্লামেন্টের সদস্যরা সুশীল হবে এবং সুসভ্য আচরণ করবে অস্ট্রেলিয়ার নাগরিকরা সেটিই আশা করে। আর মন্ত্রীদেরকেও এটি মাথায় রাখতে হবে যে, তাদের রাজনৈতিক কেরিয়ার কে এগিয়ে নিতে তাদের স্ত্রী এবং সন্তানরা অনেক ত্যাগ শিকার করে। সুতরাং, তাদের পরিবারও সম্মান পাওয়ার যোগ্য।”

“জনগণের সেবায় নিয়োজত মন্ত্রীদের মূল্যবোধ রক্ষা করে চলা উচিত। আর তাই কোনো মন্ত্রী, তিনি বিবাহিত হোন বা অবিবাহিত, কোনো কর্মীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতে পারবেন না।”

জয়েসের যৌন কেলেঙ্কারির ঘটনাটি অস্ট্রেলিয়ায় তোলপাড় সৃ্ষ্টি করেছে। তার এই অপকর্মের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের ভাবমূর্তি। আগামী নির্বাচনেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।