ব্রিটিশ আদালতে অ্যাসাঞ্জের মামলা নিয়ে সিদ্ধান্ত মঙ্গলবার
জামিনের শর্তাবলী লঙ্ঘনের অভিযোগে হওয়া মামলা থেকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তি মিলবে কিনা, মঙ্গলবার সে বিষয়ে সিদ্ধান্ত জানাবে যুক্তরাজ্যের আদালত।
সিদ্ধান্ত পক্ষে এলে তা অ্যাসাঞ্জের লন্ডনের একুয়েডর দূতাবাস ছাড়ার পথ সুগম করবে বলে মন্তব্য বিবিসির।
পেন্টাগনের ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ সামরিক ও কূটনৈতিক গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দিয়েছিল সাড়াজাগানো ওয়েবসাইট উইকিলিকস। এই কারণে যুক্তরাজ্য তাকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে পারে এই ভয়ে রায় পক্ষে এলেও অ্যাসাঞ্জ দূতাবাসেই থাকার সিদ্ধান্ত নিতে পারেন বলে ধারণা অনেকের।
ওই দূতাবাসেই প্রায় ছয় বছর ধরে রাজনৈতিক আশ্রয়ে আছেন তিনি।
সুইডেনে হওয়া ধর্ষণ মামলার বিচার এড়াতে যুক্তরাজ্যে করা জামিন আবেদনের শর্তাবলী লঙ্ঘন করে অ্যাসাঞ্জ ২০১২ সালে লন্ডনের একুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। জামিনের শর্ত ভাঙার দায়ে পরে ব্রিটিশ পুলিশ অ্যাসাঞ্জকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে।
গত বছরের মে মাসে সুইডেনের আদালত অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে নিলেও, যুক্তরাজ্যে তার গ্রেপ্তারি পরোয়ানা বহাল থাকে।
পরোয়ানাটি বাতিল চেয়ে গত সপ্তাহে অ্যাসাঞ্জের আইনজীবীদের করা একটি আবেদনও যুক্তরাজ্যের আদালতে খারিজ হয়ে যায়।
ন্যায়বিচারের স্বার্থে অ্যাসাঞ্জের বিরুদ্ধে যুক্তরাজ্যের কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে কিনা, আইনজীবীদের এ যুক্তির ওপর মঙ্গলবার সিদ্ধান্ত দেওয়ার দিন ঠিক করেন ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমা আরবাথনট।
বিবিসি বলছে, বিচারকের রায় অ্যাসাঞ্জের পক্ষে গেলে যুক্তরাজ্যে তার নামে আর কোনো মামলার অস্তিত্ব থাকবে না।
লাখ লাখ গোপন সামরিক ও কূটনৈতিক নথি ফাঁস করে দিয়ে যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলা অ্যাসাঞ্জকে নিজেদের জিম্মায় নিতে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন আগ্রহী কিনা সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
অ্যাসাঞ্জকে হস্তান্তরের বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো পরোয়ানা আছে কিনা, যুক্তরাজ্য কর্তৃপক্ষের কাছ থেকে তার স্বীকারোক্তি বা প্রত্যাখ্যান কোনোটিই মেলেনি বলে জানিয়েছে বিবিসি।
