অলিম্পিকে উ. কেরিয়া দলের মুখোশ নিয়ে বিতর্কের ঝড়
পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে নারীদের আইস হকির একটি ম্যাচ চলাকালে উত্তর কোরিয়ার চিয়ারলিডারদের পরা মুখোশ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে।
উত্তর ও দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিয়ে গড়া যৌথ নারী আইস হকি দল এবারের গেমসে অংশ নিচ্ছে।
ম্যাচ চলাকালে উত্তর কোরিয়ার চিয়ারলিডাররা সুদর্শন এক যুবকের মুখোশ পরে মাঠে উপস্থিত হয়।
স্থানীয় কয়েকটি পত্রিকার খবরে বলা হয়েছে, ওই মুখোশের সঙ্গে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর চেহারার মিল রয়েছে। তিনি দেশটির বর্তমান নেতা কিম জং-উনের পিতামহ।
ওই মুখোশ পরে উত্তর কোরিয়া আসলে অলিম্পিক গেমস ব্যবহার করে নিজেদের পক্ষে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল দলগুলো।
যদিও দক্ষিণ কোরিয়ার একত্রিকীকরণ মন্ত্রণালয় বলছে, মুখোশটি ‘একজন সুদর্শন তরুণের’। এর সঙ্গে কোনো কিছু মিলিয়ে ফেলার অবকাশ নেই।
বিবিসি জানায়, শনিবার নারী আইস হকি দলটি সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল। ওই খেলা দেখতে দুই দেশের শীর্ষপর্যায়ের নেতারা গ্যালারিতে উপস্থিত ছিলেন।
প্রেসিডন্ট মুন, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস ব্যাচ, কিমের ছোটবোন কিম ইয়ো জং এবং উত্তর কোরিয়ার অলঙ্কারিক রাষ্ট্রপ্রধান কিম ইয়ং ন্যাম গ্যালারির একই অংশে বসে খেলা দেখেছেন।
দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম নোকাটনিউজ ওই চিয়ারলিডারদেরকে তথাকথিত ‘সুন্দরী সেনা’ আখ্যা দিয়ে বলেছে, তারা কিম ইল-সাং এর জয়গান করছিল আর মুখোশটি ছিল তারই প্রতিচ্ছবি। আর্টিকেলটি এর পর ডিলিট করে দেওয়া হলেও এর একটি সংস্করণ থেকে যায়।
খেলাকে কেন্দ্র করে উত্তর কোরিয়া তাদের কর্মসূচি প্রচার এবং আন্তর্জাতিক ভাবমূর্তি উন্নত করার চেষ্টা করছে- দক্ষিণ কোরিয়ায় এ উদ্বেগের মধ্যে পুনরেকত্রীকরণ মন্ত্রণালয় খবরটি নিয়ে এমন সংশয় দূর করার চেষ্টা নিয়েছে।
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ঘটনাস্থলে উত্তর কোরিয়ার নেতাদের কাছ থেকে বিষয়টি যাচাই করে এটি নিশ্চিত হওয়া গেছে যে, খবরে যা বলা হয়েছে সে ধরনের কোনো ব্যাপার ঘটেনি। মুখোশটি সাধারণ একটি সুদর্শন মানুষের। যেটি তারই উত্তর কোরীয় একটি প্রেমের গান গাওয়ার সময় পরেছিল চিয়ারলিডাররা।
অন্য আরো অনেকেও বলছেন, উত্তর কোরীয়রা কিম ইল-সাং এর মত তাদের একজন মর্যাদাবান এবং বিশিষ্ট ব্যক্তির ভাবমূর্তিকে এত হালকাভাবে তুলে ধরবে সেটি হতেই পারে না।
