২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়া বাহিনীর ওপর মার্কিন হামলা, ১শ’ যোদ্ধা নিহত

সিরিয়ার সরকারি বাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের এক বিরল বিমান হামলায় প্রায় ১শ’ যোদ্ধা নিহত হয়েছে। মার্কিন কর্মকর্তারা নিহতের সংখ্যার এ হিসাব দিয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 08 Feb 2018, 07:43 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

দেইর আল-জোর অঞ্চলে কুর্দি ও আরব যোদ্ধাদের ওপর সিরিয়ার সেনাদের একটি হামলার পর বুধবার এ পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী এবং তাদের সমর্থিত স্থানীয় বাহিনীগুলো।

মার্কিন এক কর্মকর্তা বলেছেন, সিরিয়ার সরকার-পন্থি বাহিনী ২০১৭ সালে ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ‘সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্স’ (এসডিএফ) এর উদ্ধার করা অঞ্চল দখল করে নেওয়ার চেষ্টা করছে। তারা অবৈধভাবে ইউফ্রেটিস নদীর পূর্বদিকের ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টা করেছে।

তিনি বলেন, তারা খুব সম্ভবত খুশামের তেল ক্ষেত্রগুলোর দখল নিতে চাইছে। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যেগুলো ছিল আইএস এর রাজস্বের প্রধান উৎস।

সিরিয়া বাহিনী দেইর আল জোর এ বিদ্রোহী দল ‘এসডিএফ’ এর যে সদরদপ্তরে হামলা চালিয়েছিল সেখানে কিছু মার্কিন সেনা উপস্থিত ছিলেন। হামলায় একজন এসডিএফ যোদ্ধা আহত হয়েছে। তবে মার্কিন সেনারা কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আইএস এর বিরুদ্ধে লড়াইরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী এসডিএফ সদরদপ্তরে ‘বিনা উস্কানিতে’ হামলা চালানোর জন্য সিরিয়ার সরকারপন্থি বাহিনীকে দোষারোপ করেছে।

প্রতিরক্ষার খাতিরে পাল্টা ব্যবস্থা নেওয়ার অধিকার আছে জানিয়ে এক বিবৃতিতে মার্কিন বাহিনী বলেছে, “আগ্রাসনের জবাবে কোয়ালিশন এবং এর মিত্র বাহিনীগুলোর প্রতিরক্ষায় কোয়ালিশন বাহিনী হামলাকারী বাহিনীর ওপর বিমান থেকে বোমা হামলা চালিয়েছে।”

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সামরিক কর্মকর্তা সাংবাদিকদের বলেছেন, সিরিয়ার প্রায় ৫শ’ সরকার-পন্থি যোদ্ধা, ট্যাংক, গোলাবারুদ, মর্টার এবং রকেট নিয়ে হামলা চালিয়েছিল।