২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল ট্যাঙ্কারসহ ২২ ভারতীয় ক্রুকে মুক্তি দিয়েছে জলদস্যুরা

গিনি উপসাগরে ২২ জন ভারতীয় ক্রুসহ ১৩ হাজার ৫০০ টন পেট্রলবাহী একটি জাহাজকে মুক্তি দিয়েছে জলদস্যুরা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2018, 12:30 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে জাহাজটির পরিচালনাকারী কোম্পানি হংকংভিত্তিক অ্যাংলো-ইস্টান, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “সব ক্রু সদস্য নিরাপদ ও ভাল আছেন এবং মালামাল জাহাজেই আছে বলে জানা গেছে।”

শুক্রবার মেরিন এক্সপ্রেস নামের জাহাজটি পশ্চিম আফ্রিকার বেনিন উপকূলে থাকার সময় যোগাযোগ হারিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল।

আন্তর্জাতিক মেরিটাইম ব্যুরো (আইএমবি) জানিয়েছিল, বেনিন নৌবাহিনী মেরিন এক্সপ্রেসের খোঁজে তল্লাশি শুরু করেছে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছিলেন, জাহাজটিকে খুঁজে বের করতে ভারত সরকার ওই অঞ্চলের কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।  

জানুয়ারিতে গিনি উপসাগরের একই এলাকায় আরেকটি জাহাজ ছিনতাই হয়েছিল। মুক্তিপণ দিয়ে ছয়দিন পর জাহাজটিকে মুক্ত করা হয়েছিল।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্বব্যাপী জলদস্যুতার ঘটনা হ্রাস পেলেও গিনি উপসাগরে জলদস্যুতার ঘটনা বৃদ্ধি পাচ্ছে; জলদস্যুরা জাহাজের মালামাল লুট করার পাশাপাশি মুক্তিপণ দাবি করছে।

জলদস্যুতা বৃদ্ধি পাওয়ায় পশ্চিম আফ্রিকার উপকূল একটি উদ্বেগজনক অঞ্চলে পরিণত হচ্ছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে আইএমবি।