২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালতকে সহযোগিতা করতে অস্বীকৃতি প্যারিস 'হামলাকারীর'

প্যারিসে ২০১৫ সালের নভেম্বরে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার একমাত্র জীবিত সন্দেহভাজন হামলাকারী সালাহ আব্দেসালাম বেলজিয়ামের আদালতে বিচারের শুনানি চলাকালে কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 10:17 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসে হামলার চার মাস পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশের সঙ্গে বন্দুক লড়াইয়ের পর আব্দেসালামকে গ্রেপ্তার করা হয়েছিল, ওই লড়াইয়ে তার সংশ্লিষ্টতা নিয়েই তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে।

হামলার ঘটনার পর প্রথমবারের মত বিচারের শুনানিতে হাজির হয়ে আব্দেসালাম বলেন, তিনি বিচারকের প্রশ্নের কোনো উত্তর দেবেন না।

তিনি বলেন, "আমার নীরবতা মানেই যে আমি অপরাধী, তা নয়। নীরব থেকে আমি আমার সুরক্ষা করছি।”

মুসলিম-বিরোধী পক্ষপাতের সমালোচনা করে আব্দেসালাম বলেন, “মুসলিমদেরকে দোষী ভাবা হয়। নির্দয়ভাবে তাদের বিচার করা হয়, তাদের সঙ্গে নির্মম আচরণ করা হয়। তারা যে নির্দোষ হতে পারে এমনটি ভাবাই হয় না।”

কেবলমাত্র আল্লাহর ওপর ভরসা করে আছেন জানিয়ে আব্দেসালাম আদালতকে বলেন, “আমি আপনাদেরকে ভয় পাইনা, আপনার মিত্রদেরও ভয় পাই না। আমার বিচার করুন। আপনারা আমার সঙ্গে যা করতে চান তাই করুন।”

২০১৫ সালের ১৩ নভেম্বর প্যারিসের একটি কনসাটর্ হল, স্টেডিয়াম, রেস্তোরাঁ, ক্যাফে ও বারে বন্দুকধারী ও আত্মঘাতী বোমারুদের চালানো সন্ত্রাসী হামলায় ১৩০ জন নিহত ও কয়েকশত মানুষ আহত হয়েছিলেন।

হামলাকারীদের মধ্যে আব্দেসালামের ভাই ব্রাহিম ছিলেন, একটি ক্যাফের বাইরে আত্মঘাতী হামলায় সে নিহত হয়।

হামলার পর আব্দেসালাম ইউরোপের শীর্ষ ফেরারি হয়ে যায়। পরে মার্চে ব্রাসেলসের মলেনবেকের একটি ফ্ল্যাটে এক সঙ্গীসহ লুকিয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়। ফ্ল্যাটটিতে অভিযানরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে তারা বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছিল বলে অভিযোগ পুলিশের। 

প্যারিস হামলায় ২৮ বছর বয়সী আব্দেসালামেরও একটি প্রধান ভূমিকা ছিল বলে ধারণা ফরাসি তদন্তকারীদের, কিন্তু আব্দেসালাম তদন্তেও সহযোগিতা করতে রাজি হননি।

আব্দেসালাম ও তার সন্দেহভাজন সহযোগি সোফিয়ান আয়ারির (২৪) বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা এবং সন্ত্রাসী হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তাদের খুন করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ৪০ বছরের কারাদণ্ড হতে পারে।