ভারতীয় সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেনকে পিটিয়ে হত্যা
অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর এক সাবেক ক্যাপ্টেনকে পিটিয়ে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে সাবেক ক্যাপ্টেন রবীন্দ্র বালির (৬৭) লাশ পুনে ক্যান্টনমেন্ট এলাকায় পাওয়া যায় বলে জানিয়েছে তারা, খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, বালি পুনে ক্যান্টনমেন্ট এলাকার ফুটপাতে অস্থায়ীভাবে বানানো তাঁবুতে একাকী বসবাস করতেন।
লস্কর পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেন, “একটি বাংলোর এক পাহারাদার দেখেন দুই ব্যক্তি বালিকে মারধর করে পালিয়ে যাচ্ছেন, তিনিই পুলিশে খবর দেন।
“কয়েক বছর ধরে বালির সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ ছিল না এবং তিনি নিঃসঙ্গ জীবনযাপন করতেন। তদন্তের সময় আমরা তার পরিবারের বিস্তারিত তথ্য যোগাড় করতে সক্ষম হই এবং এভাবেই বালিকে শনাক্ত করি।”
অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে খুনের একটি মামলা দায়ের করা হয়েছে এবং খুনীদের শনাক্তের পর গ্রেপ্তার করতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
