২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালিতে চলন্ত গাড়ি থেকে পথচারীদের গুলি

ইতালির কেন্দ্রস্থলে মাসেরাতা শহরে চলন্ত গাড়ি থেকে পথচারীদের ওপর বন্দুকধারীর হামলায় অন্তত ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় এক ইতালীয়কে গ্রেপ্তার করার খবর জানিয়েছে পুলিশ ও গণমাধ্যম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 08:29 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

কৃষ্ণাঙ্গ আফ্রিকান অভিবাসীদের লক্ষ্য করে এ হামলা চালানো হয় এবং আহতরা সবাই কৃষ্ণাঙ্গ বলে জানানো হয়েছে গণমাধ্যমের প্রতিবেদনে। হামলাটি বর্ণবাদী উদ্দেশে চালানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয়ভাবে সন্দেহভাজন বন্দুকধারীর নাম লুকা ত্রাইনি বলে জানানো হয়েছে। তার বয়স ২৮। পুলিশ তাকে আটকের সময় তার ঘাড়ে ইতালির একটি পতাকা জড়ানো ছিল। তার একটি ছবিও প্রকাশ করেছে পুলিশ।

মাসেরাতা শহরের টুইটার একাউন্টে বলা হয়েছে, হামলাকারী কালো একটি গাড়ির জানালা দিয়ে গুলি চালায়। এরপর সে গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার দু’ঘন্টা পর তাকে পুলিশ গ্রেপ্তার করে।

আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের অবস্থা গুরুতর।

মাসেরাতা শহরের কাছে ১৮ বছরের এক ইতালীয় মেয়ের খণ্ডিত লাশ দুটি স্যুটকেসে উদ্ধারের পর ওই খুনের ঘটনায় জড়িত সন্দেহে এক নাইজেরীয় অভিবাসী গ্রেপ্তারের কয়েকদিনের মাথায় এ বন্দুক হামলা হল।

রাই রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, মাসেরাতার ২৮ বছর বয়সী ওই যুবকের আলফা রোমিও গাড়ি থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেছে, সকাল ১১ টার দিকে হামলার ঘটনা ঘটে। এক ব্যক্তি গাড়ির জানালা দিয়ে দুই তরুণ আফ্রিকান অভিবাসীর ওপর গুলি ছোড়ে। এতে একজন আহত হয়। পরে কিছুক্ষণের মধ্যেই শহরের আরো কয়েকটি স্থানে চলন্ত গাড়ি থেকে গুলির খবর আসে।

ইতালিতে ৪ মার্চের জাতীয় নির্বাচনী প্রচার এ ঘটনার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। ডানপন্থি রাজনীতিবিদরা ১৮ বছর বয়সী ইতালীয় নারী খুনের ঘটনাকে অভিবাসন বিরোধী বার্তা হিসাবে তুলে ধরে নির্বাচনী প্রচারের পরিকল্পনা করেছে।

বিবিসি জানিয়েছে, শনিবার মাসেরাতায় গাড়ি থেকে বন্দুক হামলাকারী ত্রাইনি গতবছর আঞ্চলিক নির্বাচনে অভিবাসনবিরোধী নর্দান লিগ থেকে অংশ নিয়েছিলেন।

ইতালির প্রধানমন্ত্রী পাওলো গেন্তিলোনি শনিবারের গুলির ঘটনার পর নির্বাচনী প্রচার সাময়িকভাবে স্থগিত করেছেন।