মার্কিন জিমন্যাস্টিক চিকিৎসক ‘২৬৫ নারীকে নির্যাতন করেছিলেন’
যুক্তরাষ্ট্রের সাবেক জিমন্যাস্টিক চিকিৎসক ল্যারি নেসারের যৌন নির্যাতনে নির্যাতিত নারীর সংখ্যা বেড়ে ২৬৫তে দাঁড়িয়েছে বলে মিশিগানের এক বিচারক জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, চলতি সপ্তাহে হতে যাওয়া শেষ তিন শুনানিতে অন্তত ৬৫ জন নির্যাতিত নারী ৫৪ বছর বয়সী নেসারের মুখোমুখি হবেন।
গত সপ্তাহে অন্য একটি মামলায় দেড় শতাধিক নারীকে লাঞ্ছনা ও নির্যাতনের অভিযোগে সাবেক এই জিমন্যাস্টিক চিকিৎসককে ৪০ থেকে ১৭৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। নেসারের হাতে নির্যাতিতদের মধ্যে অলিম্পিক স্বর্ণপদকজয়ী অ্যালি রেইজম্যান ও জর্ডিন ওয়েবারের মতো খেলোয়াড়রাও আছেন।
শিশু পর্নোগ্রাফির অভিযোগে অন্য এক মামলায় অভিযুক্ত নেসার ইতোমধ্যে ৬০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার বিরুদ্ধে এখন মিশিগানের ডিমনডেলের টুইস্টারস জিমন্যাস্টিক ক্লাবের পেছনের কক্ষে রোগীদের নির্যাতনের অভিযোগের বিচার চলছে।
তত্ত্বাবধানে থাকা কিশোরীদের যৌন নির্যাতনের অভিযোগে গত বছরের নভেম্বরে মিশিগান স্টেট ইউনিভার্সিটির সাবেক এ ফিজিশিয়ান দোষী সাব্যস্ত হয়েছিলেন। তার হাতে নির্যাতিতদের মধ্যে অন্তত একজনের বয়স ১৩-র কম ছিল বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। ১৫ অথবা ১৬ বছর বয়সী দুই কিশোরীও ছাড় পায়নি।
বুধবার মিশিগানের শার্লটের ছোট আদালত কক্ষে বিচারক জেনিস কানিংহাম বলেন, “নির্যাতিত ২৬৫ জনেরও বেশি নারীকে চিহ্নিত করতে পেরেছি; বিশ্বজুড়ে, দেশে এবং রাজ্যে এর হাতে নির্যাতিতের সংখ্যা অগণিত।”
বুধবার নেসারের বিরুদ্ধে প্রথম অভিযোগ আনেন ১৭ বছর বয়সী জেসিকা থমাশো। আদালতকে তিনি মাত্র নয় বছর বয়সে প্রথম নেসারের হাতে নির্যাতিত হওয়ার কথা বলেন। মার্কিন সাবেক জিমন্যাস্টিক চিকিৎসক নেসারকে ‘শয়তান’ ও ‘বাজে ধরণের অপরাধী’ হিসেবেও অ্যাখ্যা দেন তিনি।
থমাশোর বড় বোনও মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে পড়ার সময় নেসারের হাতে নির্যাতিত হয়েছিলেন।
যৌন নির্যাতনের এ মামলায় নেসারের কারাদণ্ডের মেয়াদ ২৫ থেকে ৪০ বছর বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
কেলেঙ্কারির এ ঘটনায় যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিক বোর্ড তাদের সব পরিচালকের পদত্যাগের কথা নিশ্চিত করেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটি বুধবারের মধ্যে জিমন্যাস্টিক বোর্ডের সব পরিচালককে পদ ছাড়ার আলটিমেটাম দিয়েছিল, অন্যথায় পরিচালনা পর্ষদ বাতিলের হুমকি দিয়েছিল।
“ফেব্রুয়ারির মধ্যে একটি অন্তবর্তীকালীন পরিচালক বোর্ড নির্ধারণে কাজ করছি আমরা,” বিবৃতিতে জানিয়েছে মার্কিন জিমন্যাস্টিক বোর্ড।
নির্যাতিত ১৪০ নারী নেসারের পাশাপাশি মার্কিন জিমন্যাস্টিক বোর্ড ও মিশিগান স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধেও অভিযোগ করেছেন। যৌন হয়রানির অভিযোগ উপেক্ষা করার দায়ে প্রতিষ্ঠানগুলোর কাছে ক্ষতিপূরণও চেয়েছেন তারা।
এ ঘটনায় মিশিগানের অ্যাটর্নি জেনারেল স্টেট ইউনিভার্সিটির বিরুদ্ধে তদন্তের ঘোষণা দিয়েছেন। গত সপ্তাহে নেসারের বিরুদ্ধে যৌন নির্যাতনের রায়ের পর প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ও ক্রীড়া বিষয়ক শীর্ষ কর্মকর্তারা পদত্যাগ করেন। ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদ পরে সাবেক গভর্নর জন অ্যাংলারকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেয়।
এদিকে কারোলি রেঞ্চের প্রশিক্ষণ শিবিরে মার্কিন জিমন্যাস্টিক দলের প্রশিক্ষণ শিবির চলার সময়ও বেশ ক’জন নারী নেসারের হাতে নির্যাতিত হয়েছিলেন বলে অভিযোগ পাওয়ার পর তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট।
