২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের হামলায় প্রাচীন মন্দির ধ্বংস; সিরিয়ার নিন্দা

সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত আফরিন এলাকায় তুরস্কের বিমান হামলায় প্রাচীন  'এইন দারা' মন্দির মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সিরিয়া সরকার ও পর্যবেক্ষক গোষ্ঠীগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 12:04 AM

Updated : 08 Apr 2022, 05:50 PM

মন্দিরটি নির্মিত হয়েছিল খৃস্টপূর্ব প্রথম সহস্রাব্দে। সিরিয়ার প্রত্নসম্পদ অধিদপ্তর এ হামলার তীব্র নিন্দা করেছে। বলেছে, এর মধ্য দিয়ে “সিরিয়ার জাতিসত্ত্বার পরিচয় এবং সিরিয়ার জনগণের অতীত, বর্তমান ও ভবিষ্যতের বিরুদ্ধে তুরস্ক সরকারের ঘৃণা এবং বর্বরতারই বঃহিপ্রকাশ ঘটেছে।”

অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বোমার আঘাতে এইন দারার কেন্দ্রস্থলে বিরাট গর্ত হয়েছে। সেখানে থাকা বিশালাকার সিংহমূর্তির জায়গাটি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। এই মূর্তিটির জন্যই বিশেষত মন্দিরটি সুপিরিচিত ছিল।

হামলাটি শুক্রবার চালানো হলেও গণমাধ্যমগুলো সোমবার হামলার খবর দিয়েছে। ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, হামলায় আফরিন শহরের ১০ কিলোমিটার দক্ষিণের এইন দারা মন্দিরের প্রায় ৬০ শতাংশই ধ্বংস হয়েছে।

আফরিন শহর থেকে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের তাড়াতে ৯ দিন আগে সেখানে সামরিক অভিযান শুরু করেছে তুরস্কের সেনা ও তাদের মিত্র সিরীয় বিদ্রোহীরা।

তুরস্ক সরকার বলছে, কুর্দি ‘পিপলস প্রোটেকশন ইউনিটস’ (ওয়াইপিজি) নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিরই (পিকেকে) শাখা। যে দলটি তিন দশক ধরে দক্ষিণ-পূর্ব তুরস্কে কুর্দিদের স্বায়ত্ত্বশাসনের জন্য লড়ে এসেছে। তবে পিকেকে’র সঙ্গে সরাসরি কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছে ওয়াইপিজি।

কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াকে তুরস্ক সন্ত্রাসী গোষ্ঠী বলেই গণ্য করে। তবে এই যোদ্ধাদের অনেকেই ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছে।