যুবরাজ হ্যারির বিয়ের আমন্ত্রণের বিষয়ে ‘অবগত নন’ ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও মার্কিন অভিনেত্রী মেগান মর্কেলের বিয়ের আমন্ত্রণের ব্যাপারে অবগত নন।
চলতি বছরের ১৯ মে উইন্ডসর প্রাসাদে হতে যাওয়া রাজকীয় এ বিয়ের নিমন্ত্রণ এসেছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, “আমার জানা নেই।”
যুক্তরাজ্যের টেলিভিশন নেটওয়ার্ক আইটিভির জন্য পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারি-মেগানের বিয়ে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন বলে খবর বিবিসির।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় হিলারির সমর্থক মেগান রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ‘বিভেদ সৃষ্টিকারী’ ও ‘নারীবিদ্বেষী’ বলেছিলেন।
উইন্ডসর প্রাসাদের রাজকীয় বিয়েতে উপস্থিত থাকতে চান কিনা মরগানের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও মেগানের জুটিকে ‘অপূর্ব’ হিসেবে অ্যাখ্যায়িত করেন।
“আমি তাদের সুখী দেখতে চাই, সত্যিই তাদের সুখী দেখতে চাই। তাদের জুটি অপূর্ব,” বলেন মার্কিন প্রেসিডেন্ট।
হ্যারি-মেগানের বিয়ের আনুষ্ঠানিকতা উইন্ডসর প্রাসাদের সেইন্ট জর্জ চ্যাপেলে হওয়ার কথা, যার ধারণক্ষমতা ৮০০। ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটনের বিয়ে যেখানে হয়েছিল সেই ওয়েস্টমিনস্টার অ্যাবে তুলনায় সেইন্ট জর্জ চ্যাপেলের বিয়েতে অতিথির সংখ্যা কম হবে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
সুইজারল্যান্ডের ডাভোসে চলা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ট্রাম্পের এ সাক্ষাৎকার নেন মরগান। ওই সম্মেলনে ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরিজা মে-র সঙ্গেও বৈঠক করেছেন তিনি।
পরে এক টুইটে মরগান জানান, মে চলতি বছরই ট্রাম্পকে দুই দফা যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ জানিয়েছেন বলেও মার্কিন প্রেসিডেন্ট তার কাছে দাবি করেছেন।
ডাউনিং স্ট্রিট এখনো এ আমন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেনি বলে বিবিসি জানিয়েছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রেক্সিট নিয়ে আলোচনায় ‘সুবিধাজনক অবস্থানে’ আছে বলে মনে করছেন কিনা মরগানের এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “এভাবে মধ্যস্থতা করতাম? না, যেভাবে হচ্ছে সেভাবে আমি করতাম না, আমার ভিন্ন ধরণের মনোভাব থাকতো। সম্ভবত আমি আরও কঠোর অবস্থান নিয়ে অগ্রসর হতাম।”
ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়েও প্রশ্ন করেন মরগান। জবাবে মার্কিন প্রেসিডেন্ট জানান, বিছানায় শুয়ে থাকা অবস্থায়, সকালের নাস্তা বা দুপুরের খাবার সময়, কিংবা যাই হোক না কেন তিনি টুইট করতে পছন্দ করেন। কখনো কখনো তার হয়ে প্রতিনিধিরাও টুইট করে।
সাক্ষাৎকারে ট্রাম্প গত বছর যুক্তরাজ্যের কট্টর ডানপন্থি গোষ্ঠী ‘ব্রিটেন ফার্স্ট’- এর টুইট শেয়ার দেওয়ার বিষয়ে দুঃখ প্রকাশে আগ্রহের কথাও জানান।
“যদি বলেন যে তারা ভয়ঙ্কর মানুষ, ভয়ঙ্কর, বর্ণবাদী মানুষ, আপনারা যদি চান আমি অবশ্যই (রিটুইটের জন্য) ক্ষমা চাইবো,” বলেন তিনি।
বিস্তৃত আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরে যাওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন।
“হ্যাঁ, আমি ফিরে যাবো, আমি যেতে চাইও, কিন্তু অবশ্যই একে যুক্তরাষ্ট্রের জন্য ভালো চুক্তি হতে হবে,” বলেন ট্রাম্প।
