২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলম্বিয়ায় বোমা হামলায় ৫ পুলিশ নিহত

কলম্বিয়ায় একটি পুলিশ স্টেশনের সামনে বোমা হামলায় অন্তত পাঁচ পুলিশ নিহত ও ৪২ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 02:10 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

শনিবার ভোরে উপকূলীয় শহর বারাংকিয়াতে এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শহরের সান জোস এলাকায় পুলিশ স্টেশনটিতে ওই দিনের কাজের সূচী জানার জন্য জড়ো হওয়া পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

হামলার ঘটনাটিকে ‘নৃশংস বর্বরতা’ অভিহিত করে নিন্দা জানিয়েছে পুলিশ বিভাগ।

হামলাকারীদের সম্পর্কে তথ্য দিতে পাঁচ কোটি পেসো পুরস্কার ঘোষণা করা হয়েছে। 

এ হামলার জন্য বন্দর এলাকায় তৎপর অপরাধী গোষ্ঠীগুলো জড়িত বলে মনে করছেন মেট্রোপলিটন পুলিশের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ম্যারিয়ানো দে লা ক্রুজ বোতেরো।

বোমা হামলার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত আছেন বলে সন্দেহ পুলিশের।

পুলিশ হেফাজতে থাকা ব্যক্তি সরাসরি বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।     

হামলার ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস।