কানাডার শেরম্যান দম্পতিকে ‘হত্যা করা হয়েছে’
কানাডার শীর্ষ ধনী ব্যারি শেরম্যান ও হানি শেরম্যান দম্পতি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
এই বাড়িতেই শেরম্যান দম্পতির মৃতদেহ খুঁজে পাওয়া যায়। ছবি : রয়টার্স
পুলিশের বরাত দিয়ে বিবিসি জানায়, এখনও কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।
এ বিষয়ে আর কোনো তথ্য দিতে পুলিশ রাজি হয়নি।
ওষুধ ব্যবসায়ী ব্যারি শেরম্যান (৭৫) কানাডার শীর্ষ ধনীদের একজন। জনকল্যাণমূলক কাজের জন্য তার স্ত্রী হানিও (৭০) বিশ্বজুড়ে পরিচিত।
তাদের আকস্মিক মৃত্যু অনেককেই স্তব্ধ করে দিয়েছে।
এই দম্পতির মৃতদেহ উদ্ধারের পর ঘটনাটি আত্মহত্যা হতে পারে ধরে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
যদিও পরিবারের পক্ষ থেকে এই সম্ভাবনা উড়িয়ে দিয়ে এক বিবৃতিতে বলা হয়, “আমাদের পিতা-মাতা খুবই উদ্যমী এবং পরিবারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। তাদের মৃত্যু নিয়ে গণমাধ্যমে যেসব কথা ছড়িয়েছে তা সম্পূর্ণ অসঙ্গত।”
টরেন্টো পুলিশের গোয়েন্দা সুসান গোমেজ বলেন, “আমি এখনও জানি না কিভাবে এটা হলো।”
“দুইদিন পর সুইমিংপুলের কাছে তাদের মৃতদেহ পাওয়া যায়। মৃতদেহের পরনে স্বাভাবিক পোশাক ছিল। ‘পুল ডেকে’ আধাশোয়া অবস্থায় মৃতদেহ দুইটি বেল্ট দিয়ে বাঁধা ছিল।”
বাড়িতে জোর করে প্রবেশের কোনো আলামত পুলিশ পায়নি বলেও জানান তিনি।
তবে গত ছয় সপ্তাহ ধরে ঘটনাস্থল থেকে পাওয়া আলামত পর্যবেক্ষণের পর ওই দম্পতিকে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
সুসান গোমেজ বলেন, “পুলিশের বিশ্বাস ওই দম্পতি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সন্দেহভাজন কেউ আছে কিনা বা পুলিশ কাউকে সন্দেহ করছে কিনা আমি সে বিষয়ে কিছু বলতে চাই না। হত্যার কারণ নিয়েও এখনই কথা বলা যাবে না।”
তবে ‘সুনির্দিষ্ট তালিকা’ ধরে তদন্ত কাজ চলছে বলে জানান তিনি।
