মুক্তি পেয়েছেন সৌদি ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল
সৌদি আরবের ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালাল বন্দিদশা থেকে মুক্তি পেয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শনিবার প্রিন্স আলওয়ালিদের পরিবারের সূত্রগুলো তার মুক্তির বিষয়টি জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গত বছরের দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযানের সময় প্রিন্স আলওয়ালিদসহ সৌদি আরবের বহু শীর্ষ প্রভাবশালী ব্যক্তিকে আটক করা হয়েছিল। এর প্রায় দুই মাস পর তিনি মুক্তি পেলেন।
শনিবার রিয়াদের পাঁচ তারকা হোটেল রিটজ-কার্লটনে রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অল্প কয়েকদিনের মধ্যেই সন্দেহভাজন অপরাধীর তালিকা থেকে তার নাম বাদ যাবে এবং তিনি বন্দিদশা থেকে মুক্ত পাবেন বলে জানানোর কয়েক ঘন্টা পরই তাকে মুক্তি দেওয়া হয়।
প্রিন্স আলওয়ালিদকে শনিবারই মুক্তি দেওয়া হয়েছে তার পরিবারের সূত্রগুলোও জানিয়েছে।
এর মধ্যে একজন বলেছেন, “তিনি বাসায় এসে পৌঁছেছেন।”
তবে তাৎক্ষণিকভাবে সৌদি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি এবং তার মুক্তির শর্তাদিও পরিষ্কার নয় বলে জানিয়েছে রয়টার্স।
মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর গত বছরের নভেম্বরে দেশজুড়ে চালানো দুর্নীতিবিরোধী ব্যাপক অভিযানের সময় আরও অনেক প্রিন্স, সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে আলওয়ালিদ বিন তালালকেও আটক করা হয়েছিল।
ষাটোর্ধ্ব এ ব্যবসায়ীর বিরুদ্ধে মুদ্রা পাচার, ঘুষ ও কর্মকর্তাদের ওপর বলপ্রয়োগের অভিযোগ আনা হতে পারে বলে সেসময় এক সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন।
কর্তৃপক্ষ পরে জানায়, সন্দেহভাজনদের সঙ্গে সমঝোতারে মাধ্যমে তারা প্রায় ১০০ বিলিয়ন ডলার আদায়ের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন, তেলের দাম কমে যাওয়ায় বিপর্যস্ত অর্থনীতিকে চাঙা করতে যা কাজে দেবে।
সাম্প্রতিক সময়ে সৌদি কর্তৃপক্ষের দুর্নীতিবিরোধী অভিযানের মাত্রাও সীমিত হয়ে এসেছে বলে মনে করা হচ্ছে, আটক অনেকের মুক্তিরও সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার এক কর্মকর্তা রয়টার্সকে জানান, এমবিসি টেলিভিশন নেটওয়ার্কের প্রধান ওয়ালিদ বিন-ইব্রাহিমের মতো ব্যবসায়ীরা কর্তৃপক্ষের সঙ্গে আর্থিক সমঝোতায় রাজি হয়েছেন; তবে সমঝোতার শর্ত প্রকাশ করেননি তিনি
