বেতন কমাতে রাজি বিবিসি’র পুরুষ উপস্থাপকরা
বেতন বৈষম্যের অভিযোগ তুলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র চীন বিষয়ক নারী আন্তর্জাতিক সম্পাদক ক্যারি গ্রেসির পদত্যাগের পর প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন পুরুষ উপস্থাপক নিজেদের বেতন কমাতে রাজি হয়েছেন।
আনুষ্ঠানিক কিংবা নীতিগতভাবে বেতন কমাতে রাজি হয়েছেন জেরেমি ভাইন, জন হামফ্রিস, হাউ এডওয়ার্ডস এবং নিকি ক্যাম্পবেলের মতো সুপরিচিত পুরুষ উপস্থাপকরা। বিবিসি’র মিডিয়া এডিটর আমল রাজন একথা জানিয়েছেন।
উত্তর আমেরিকা বিষয়ক আরেকজন আন্তর্জাতিক সম্পাদক জন সোপেলও করপোরেশনের সঙ্গে বেতনের বিষয়টি নিয়ে আলোচনা চালাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার উপস্থাপক জেরেমি ভাইন রেডিও টু’র কাজে যাওয়ার সময় তাকে সাংবাদিকরা বেতন কমাতে রাজি হওয়ার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, “বিষয়টি নজরে আনা উচিত। আর আমি নারী সহকর্মীদেরকে সমর্থনও করি। তারা ঠিক কথাই বলেছে। তারা যেহেতু একই কাজ করছে তাই তাদেরকেও একই বেতনই দেওয়া উচিত।”
নারী-পুরুষের মধ্যে বেতন বৈষম্যের জেরে চীন বিষয়ক নারী সম্পাদক ক্যারি গ্রেসির পদত্যাগের আগেও এ সমস্যার কথা জানা ছিল কিনা জিজ্ঞেস করা হলে ভাইন বলেন, “হাঁ, অবশ্যই।”
পুরুষ সহকর্মীর তুলনায় বেতন কম পাওয়ার প্রতিবাদে গত ৮ জানুয়ারিতে পদত্যাগ করেন গ্রেসি। এক খোলা চিঠিতে তিনি বিবিসি’র বিরুদ্ধে ‘গোপন ও অবৈধ’ বেতন সংস্কৃতিরও অভিযোগ করেছেন।
বিবিসি’তে বেতন বৈষম্যের ঘটনাটি প্রথম প্রকাশ পায় ২০১৭ সালের জুলাইয়ে। সে সময় বিবিসি দেড় লাখ পাউন্ডের বেশি বেতনপ্রাপ্ত সব কর্মীর বেতনের অঙ্ক প্রকাশ করতে বলেছিল।
সে সময়ই গ্রেসি দেখেন, বিবিসি’র দুজন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তাদের সহকর্মী নারীদের তুলনায় ৫০ শতাংশ বেশি বেতন পাচ্ছেন। এরপরই গ্রেসি অগাস্টে বেতন বৈষম্যের বিষয়টি নিয়ে অভিযোগ করেন বলে জানিয়েছেন। গ্রেসির মতে, তিনি যথেষ্ট বেতন পেলেও নারী-পুরুষের মধ্যে কোনো বৈষম্য দেখতে চান না।
শুক্রবার বিবিসি’ ৫ লাইভ ব্রেকফাস্ট শো’তে উপস্থাপক নিকি ক্যাম্পবেল বেতন কম নেওয়ার ঘোষণা দেন। পুরুষ উপস্থাপকদের বেতন কমাতে রাজি হওয়ার সংবাদটি পড়ে জানানোর পরপরই তিনি বলেন, “আমি এ তালিকায় আছি।”
বিবিসি’ও বেতন সমতা নিয়ে আগামী সপ্তাহে একটি স্বাধীন নিরীক্ষা (অডিট) প্রতিবেদন প্রকাশ করবে বলে জানিয়েছে।
করপোরেশনটি আরো জানায়, তারা এরই মধ্যে ষুষ্ঠু বেতন কাঠামোর জন্য বেশকিছু পদক্ষেপ নিয়েছে এবং আগামী সপ্তাহে বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানানো হবে।
