২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩ মাস পর ব্যাংকক বিমানবন্দর ছাড়ল জিম্বাবুয়ের পরিবার

দেশে নিগ্রহের শিকার হওয়ার ভয়ে প্রায় তিন মাস ধরে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পড়ে থাকা জিম্বাবুয়ের পরিবারটি শেষ পর্যন্ত থাইল্যান্ড ছেড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 10:51 PM

Updated : 08 Apr 2022, 05:47 PM

থাই ইমিগ্রেশন ব্যুরোর মুখপাত্র চার্নগ্রন রিম্ফাদি বিবিসি’ কে জানান, পরিবারটি শেষ পর্যন্ত সোমবার বিকালে ব্যাংকক ছেড়ে ফিলিপাইনে পাড়ি জমিয়েছে। সেখানে জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর একটি শরণার্থী শিবির আছে। তবে পরিবারটি সেখানেই থাকবে কিনা তা জানাতে পারেননি তিনি।

১১ বছরের নিচে চার শিশু এবং চারজন প্রাপ্ত বয়স্ক নিয়ে ৮ জনের এ জিম্বাবুয়ে পরিবারটি মে মাসে প্রথম ব্যাংককে পৌঁছে।

পর্যটক হিসেবে থাইল্যান্ডে গিয়ে তারা গত অক্টোবরে ব্যাংকক থেকে স্পেনে যেতে চেয়েছিল। কিন্তু ভিসা ঠিক না থাকায় তাদেরকে বোর্ডিং দিতে অস্বীকৃতি জানানো হয়। তাছাড়া, পর্যটন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পরিবারটি থাইল্যান্ডেও আর ঢুকতে পারেনি।

অতিরিক্ত দিন অবস্থানের কারণে তাদেরকে জরিমানাও গুনতে হয়েছে। কিন্তু তারপরও পরিবারটি জিম্বাবুয়েতে ফিরে যেতে অস্বীকৃতি জানায়। কারণ, নভেম্বরে জিম্বাবুয়ের প্রেসিডেন্ট মুগাবের ক্ষমতাচ্যুতির পর তারা  সেখানে গেলে নিগ্রহের শিকার হওয়ার আশঙ্কা আছে বলে জানায়।

থাই কর্মকর্তারা সে সময় ইউক্রেইন ইন্টারন্যাশনাল এয়াললাইন্সের মাধ্যমে পরিবারটিকে কিয়েভ হয়ে দুবাই পাঠানোর ব্যবস্থা করা এবং পরে সেখান থেকে তৃতীয় কোনো দেশে যেতে সহায়তা করার কথা জানায়।

কিন্তু ইউক্রেইন এয়ারলাইন্সের মুখপাত্র জানান, পরিবারটি পরে টিকেট বাতিল করায় তাদেরকে আবার দুবাই থেকে ব্যাংককে ফেরত পাঠানো হয়।

পরিবারটি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর কাছে সহায়তার জন্য আবেদনও করেছিল। জাতিসংঘ তখন জানিয়েছিল বিকল্প পথ খুঁজে দেখা হচ্ছে।

থাইল্যন্ড শরণার্থী কিংবা আশ্রয়প্রার্থীদের আইনি মর্যাদা দেয়না। ফিলিপাইন যাওয়ার আগ পর্যন্ত পরিবারটি বিমানবন্দরের বহির্গমণ এলাকাতেই ছিল। বিমানবন্দর কর্মীরা তাদের দেখাশুনা করেছে।