বিল সই করে সরকার সচল করলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রে সাময়িক অর্থ বরাদ্দ বিলে সই করে অবশেষে সরকারে তিনদনের অচলাবস্থার অবসান ঘটিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার থেকেই ফের শুরু হচ্ছে সরকারের সব কার্যক্রম। যেসব সরকারি কর্মী শনিবার থেকে কাজ ছেড়ে ঘরে ছিল তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।
সীমান্ত নিরাপত্তা ও অভিবাসী ইস্যু নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতা না হওয়ায় অর্থ বরাদ্দ বিল মার্কিন সিনেটে আটকে গিয়েছিল। এর ফলে গত ২০ জানুয়ারি থেকে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে অচলাবস্থা সৃষ্টি হয়।
এর ফলে বহু সরকারি বিভাগ- যেমন গৃহায়ন, পরিবেশ, শিক্ষা এবং বাণিজ্য দফতরের কর্মকর্তারা অনেকেই কাজে যাচ্ছিলেন না। এছাড়া অর্থ, স্বাস্থ্য, প্রতিরক্ষা এবং যোগাযোগ বিভাগের অর্ধেক কর্মচারী কাজ থেকে বিরত ছিলেন। জাতীয় উদ্যান ও স্মৃতিসৌধগুলো বন্ধ হয়ে যায়, ভিসা এবং পাসপোর্টের কাজ বিলম্বিত হয়।
পরে সোমবার অবৈধ তরুণ অভিবাসীদের নিয়ে ভবিষ্যতে আলোচনা চালানোর প্রতিশ্রুতি রিপাবলিকানদের পক্ষ থেকে পাওয়ার পর ডেমোক্র্যাটরা অর্থবরাদ্দ বিলে ভোট দিতে রাজি হওয়ায় অচলাবস্থা কেটে যাওয়ার পট প্রস্তুত হয়।
সোমবারেই বিকালে সিনেট এবং প্রতিনিধি পরিষদে বিলটি নিয়ে ভোট হয়েছে। এতে সিনেটে ৮১-১৮ ভোটে ও প্রতিনিধি পরিষদে ২৬৬-১৫০ ভোটে অর্থবরাদ্দ বিল পাস হয়।
এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি সই করেন। এর মেয়াদ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের তরুণ অভিবাসীদের বিতাড়িত হওয়া থেকে রক্ষা করতে একটি আইন পাস করা নিয়ে কাজ করছে। ডেমোক্র্যাটরা চায়, বাজেট নিয়ে সমঝোতার অংশ হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নিয়ে আপস করুন।
