২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে বাজারে বোমা বিস্ফোরণে নিহত ৩

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ইয়ালা প্রদেশের একটি বাজারে মোটরসাইকেল বোমার বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 10:34 AM

Updated : 08 Apr 2022, 05:47 PM

সোমবারের এ ঘটনায় আরো ১৮ জন আহত হয়েছেন; দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান কমান্ডের (আইএসওসি) এক মুখপাত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আইএসওসির মুখপাত্র প্রামোট প্রম-ইন বলেছেন, “অপরাধীরা বাজারের মালাবাহী গাড়ির পাশে একটি মোটরসাইকেলের মধ্যে বোমাটি পেতে রেখেছিল। বিস্ফোরণের ধাক্কায় তিনজন মানুষ প্রাণ হারিয়েছেন।”

কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি বলে জানিয়েছেন তিনি।

মালয়েশিয়ার সীমান্ত সংলগ্ন থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াট, পাত্তানি ও ইয়ালা মুসলিম প্রধান। স্বায়ত্তশাসনের দাবিতে এখানকার মালয় নৃগোষ্ঠীর মুসলিমরা দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।

এ লড়াইয়ে ২০০৪ থেকে চলতি বছর পর্যন্ত প্রায় ছয় হাজার মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়টার্স।

আইএসওসি ওই এলাকাগুলোর দায়িত্বে থাকা একটি সরকারি নিরাপত্তা বাহিনী।