অস্ট্রেলিয়ায় শিশু যৌন নিপীড়নের চিত্র ‘ভয়াবহ’
অস্ট্রেলিয়ায় শিশু যৌন নিপীড়ন নিয়ে ৫ বছরব্যাপী তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে ‘ভয়াবহ’ চিত্র।
সামগ্রিকভাবে চার হাজারেরও বেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানগুলো তাদের জিম্মায় থাকা শিশুদের সুরক্ষায় ‘চরমভাবে ব্যর্থ’ হয়েছে। এসব প্রতিষ্ঠানের বেশিরভাগই ক্যাথলিক চার্চ বলে উল্লেখ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
এতে বলা হয়, “অস্ট্রেলিয়ার বহু প্রতিষ্ঠানে লাখো শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এর প্রকৃত সংখ্যা কত তা হয়ত কখনোই জানা সম্ভব হবে না।”
অস্ট্রেলিয়ায় শিশুদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক যৌন নিপীড়নের অভিযোগ তদন্তে কয়েক দশকের চাপের মুখে সরকার ২০১২ সালে ‘দ্য রয়্যাল কমিশন ইনটু ইনস্টিটিউশনাল রেসপন্সেস টু চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ’ নামের কমিশন গঠন করে বিষয়টি তদন্তের নির্দেশ দেয়।
এরপর থেকেই স্কুল, ক্রীড়া সংঘ, চার্চ, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদন্ত চালিয়ে এ ভয়াবহ তথ্য পেয়েছে কমিশন।
যৌন নিপীড়নের শিকার হওয়া ৮ হাজারেরও বেশিজনের সাক্ষ্য নিয়েছে কমিশন। ১৫ হাজারেরও বেশি ভুক্তভোগী কমিশনের সঙ্গে যোগাযোগ করে যৌন নিপীড়নের বিস্তারিত বিবরণ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলোতে দশকের পর দশক ধরে যৌন নিপীড়নের অভিযোগ এসেছে।
ভুক্তভোগীরা যৌন ও শারীরক নিপীড়নের ঘটনা তদন্ত কর্মকর্তাদের কাছে লিখিত আকারেও জানিয়েছে। ১ হাজার ৩০০ টির বেশি ঘটনার লিখিত বর্ণনা পেয়েছে কমিশন। তদন্তশেষে বৃহস্পতিবার মোটা আকারের এসব লিখিতপত্র বই আকারেও প্রকাশ করেছে রয়্যাল কমিশন।
নিগৃহীত শিশুদের ভয়ংকর ওইসব বর্ণনা অস্ট্রেলিয়া সমাজের অন্ধকার অধ্যায়কেই সামনে নিয়ে এসেছে।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানে শিশুরা বেড়ে উঠেছে কিংবা শিক্ষা, বিনোদোন, খেলা, ধর্মীয় কিংবা সাংস্কৃতিক কার্যকলাপে অংশ নিয়েছে- সেগুলোর প্রায় প্রতিটিতেই যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে।
“এটি সমাজের পচে যাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাপার নয়, সমাজের বড় বড় প্রতিষ্ঠানগুলোও যৌন নিপীড়ন ঠেকাতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে” বলে উল্লেখ করেছে কমিশন।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল কশিমনের প্রতিবেদনে ‘জাতীয় ট্র্যাজেডি’ প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন।
