পদত্যাগপত্র প্রত্যাহার করলেন সাদ হারিরি
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি সৌদি আরবে পদত্যাগের আকস্মিক ঘোষণা দেওয়ার একমাস পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র প্রত্যাহার করলেন।
এর দু’সপ্তাহ আগে তিনি লেবাননে ফিরে পদত্যাগপত্র স্থগিত করেছিলেন।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি বলেন, লেবানন সরকারের সব সদস্য অন্যান্য আরব দশগুলোর অভ্যন্তরীণ বিষয় থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে একমত হওয়ার পর সমস্যার সমাধান হয়েছে।
তার অভিযোগ ছিল, ইরান ও লেবাননের দল হিজবুল্লাহ ওই অঞ্চলে সংঘাতের উস্কানি দিচ্ছে এবং হাত মিলিয়ে তাকে হত্যার পরিকল্পনাও করেছে। যদিও এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
গত ৪ নভেম্বর সৌদি আরব থেকে টেলিভিশনে এক ভাষণে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন সাদ। কারণ হিসেবে বলেছিলেন ‘প্রাণনাশের আশঙ্কার’ কথা।
এ ঘোষণার পর থেকে সৌদি আরবে অবস্থান করায় ও প্রকাশ্যে না আসায় তাকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়। তার ঘনিষ্ঠ রাজনীতিকরা জানিয়েছিল, রিয়াদের চাপে সাদ পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তাকে সৌদি আরবে আটকে রাখা হয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনওঅভিযোগ করেন, সাদের ইচ্ছার বিরুদ্ধে সৌদি আরব তাকে আটকে রেখেছে।
ইরানের সঙ্গে আঞ্চলিক দ্বন্দ্বে সৌদি আরব তাকে পদত্যাগে বাধ্য করেছে এমন ইঙ্গিত অস্বীকার করেন সাদ। রিয়াদও তাকে আটকে রাখার অভিযোগ অস্বীকার করে।
এ পরিস্থিতিতে আউন ঘোষণা করেন, সাদ ফিরে এসে স্বশরীরে পদত্যাগপত্র জমা না দেওয়া পর্যন্ত তিনি তা গ্রহণ করবেন না। পরে আউনের কাছ থেকে নিরাপত্তার প্রতিশ্রুতি পেয়েই লেবাননে ফেরন সাদ হারিরি।
